ম্যাককালামের অনন্য ২ রেকর্ড
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দলকে ভালো অবস্থানে পৌঁছে দেয়ার সঙ্গে দুটি দারুণ রেকর্ডও গড়েছেন তিনি।
আউট হওয়ার আগে ১১টি ছক্কা হাঁকিয়ে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এককভাবে নিজের করে নেন ম্যাককালাম। চলতি বছর এ নিয়ে ৩৩টি ছক্কা হাঁকান তিনি।
২২টি করে ছক্কা হাঁকিয়ে ম্যাককালামের সঙ্গে যৌথভাবে রেকর্ড ছিল অ্যাডাম গিলক্রিস্ট ও বিরেন্দর শেবাগের। অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট ২০০৫ সালে ও ভারতের শেবাগ ২০০৮ সালে এই কীর্তি গড়েছিলেন।
শুক্রবার ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৪২৯ রান। ১৯৫ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে এতে সবচেয়ে বড় অবদান রাখেন ম্যাককালাম।
ক্যারিয়ারের একাদশ টেস্ট শতকে পৌঁছাতে মাত্র ৭৪ বল খেলেন ম্যাককালাম। টেস্টে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানের দ্রুততম শতকের নিজের রেকর্ডটি ৪ বল এগিয়ে এনেছেন তিনি।
গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ৭৮ বলে শতকে পৌঁছে রস টেইলরের রেকর্ডটি নিজের করে নেন ম্যাককালাম। এর আগে ২০০৯/১০ মৌসুমে হ্যামিল্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮১ বলে শতক করেছিলেন টেইলর।
দুটি রেকর্ড গড়লেও অল্পের জন্য দুটি রেকর্ড হাতছাড়াও হয়েছে ম্যাককালামের। মাত্র একটি ছক্কার জন্য ওয়াসিম আকরামের ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড স্পর্শ করতে পারেননি তিনি।
১৯৯৬ সালে শেখুপুরায় জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২৫৭ রানের ইনিংস খেলার পথে ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন আকরাম। টেস্টে এক ইনিংসে এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
এ নিয়ে দুবার এক ছক্কার জন্য আকরামের পাশে বসতে পারলেন না ম্যাককালাম। এর আগে গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষেও ১১টি ছক্কা আসে তার ব্যাট থেকে।
দ্রুততম দ্বিশতকের রেকর্ড নিজের করে নেয়ার দারুণ একটি সুযোগ হাতছাড়া হল ম্যাককালামের। মাত্র ৫ রানের জন্য দ্বিশতক পাননি তিনি। ১৯৫ রান করতে খেলেন ১৩৪ বল।
দ্রুততম দ্বিশতকের রেকর্ডটি ম্যাককালামেরই স্বদেশি ন্যাথান অ্যাসলের। ২০০১/০২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ১৫৩ বলে দ্বিশতকে পৌঁছান তিনি।
