২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারটেক্সকে হারিয়ে সুপার সিক্সের লড়াইয়ে মোহামেডান

মাশরাফি বিন মুর্তজাকে ফিরে পেয়ে যেন বদলে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় জয় পেয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 06:07 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে সুপার সিক্সের ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে মোহামেডানের।

কুয়াশার কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৬ ওভারে।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৫ রান করে পারটেক্স।

সর্বোচ্চ ৮২ রান করেন রাজিন সালেহ। তার ৮৭ বলের ইনিংসটি ৮টি চার ও ৩টি ছক্কায় সাজানো।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন জাইন আব্বাস। এছাড়া আর কেউ ভালো করতে না পারায় দুইশ’ পর্যন্ত যায়নি পারটেক্সের সংগ্রহ।

২৭ রানে ৪ উইকেট নিয়ে মোহামেডানের সেরা বোলার আলাউদ্দিন বাবু। মোহামেডানের অধিনায়ক মাশরাফি ৩ উইকেট নেন ৩০ রানে।

জবাবে ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান।

ইজাজ আহমেদের (৫৯) সঙ্গে তানভীর হায়দারের (৫৬) ৯৪ রানের উদ্বোধনী জুটি মোহামেডানকে সহজ জয়ের পথে নিয়ে যায়।

দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর মোহাম্মদ মিঠুন দ্রুত ফিরলেও নাঈম ইসলাম (অপরাজিত ৩১) ও রহমত শাহ (অপরাজিত ৮) মোহামেডানকে সহজ জয় এনে দেয়।

সুপার সিক্সের শেষ তিনটি স্থানের জন্য লড়াইয়ে আছে মোহামেডান, প্রাইম দোলেশ্বর, লেজেন্ডস অব রূপগঞ্জ ও ভিক্টোরিয়া। প্রথম তিনটি দলের পয়েন্ট ১২, এক ম্যাচ কম খেলা ভিক্টোরিয়ার পয়েন্ট ১০।