হিউসকে শতক উৎসর্গ ওয়ার্নারের
প্রথম টেস্ট শতক করার সময় ডেভিড ওয়ার্নার সতীর্থ হিসেবে পেয়েছিলেন ফিলিপ হিউসকে। ভারতের বিপক্ষে অ্যাডিলেইড টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের দশম শতকটি করার সময় দুর্ভাগা এই ক্রিকেটারকেই সবচেয়ে বেশি মনে পড়েছে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যানের। বলের আঘাতে প্রাণ হারানো বন্ধুটিকে তাই দুর্দান্ত এই শতক উৎসর্গ করেছেন ওয়ার্নার।
মঙ্গলবার অ্যাডিলেইডে শুরু হয় অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। প্রথম দিন শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নার সদ্য প্রয়াত হিউসকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
“আমি যখন প্রথম শতক করি, তখন সে অন্য পাশে ছিল এবং আজ আমার শতকটি আমি তাকে উৎসর্গ করেছি।”
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৫ নভেম্বর শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় আঘাত পান হিউস।
হাসপাতালে মাথায় অস্ত্রোপচারের পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন হিউস।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টটি শুরু হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার ব্রিসবেনে। কিন্তু তার আগের দিন বুধবার হিউসের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন ঠিক হওয়ায় সূচিতে পরিবর্তন আসে। ম্যাচটি নিয়ে আসা হয় অ্যাডিলেইডে।
হিউসের মৃত্যুর পর এই প্রথম মাঠে নামল অস্ট্রেলিয়া দল। এ কারণেই ভারতের বিপক্ষে প্রথম টেস্টটি তাদের জন্য বেশ আবেগের।
এই ম্যাচ শুরুর আগে এবং চলাকালে নানাভাবে হিউসকে স্মরণ করে অস্ট্রেলিয়া দল।
ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া ও ভারতের খেলোয়াড় আর কর্মকর্তারা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়ান। হিউসকে নিয়ে একটি ভিডিওচিত্র দেখানোর সময় ধারাবর্ণনা দেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার রিচি বেনো।
হিউসের জীবনের অসমাপ্ত শেষ ইনিংসটিকে স্মরণ করে এরপর দাঁড়িয়ে ৬৩ সেকেন্ড হাততালি দেয় মাঠে উপস্থিত সবাই।
হিউসকে স্মরণ করেই তার সতীর্থ ও কাছের বন্ধু ওয়ার্নার ৬৩ রান করার পর ব্যাট তোলেন। শতরান করার পরও অস্ট্রেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান হিউসকে স্মরণ করেন আকাশ পানে তাকিয়ে আর ব্যাট তুলে।
ওয়ার্নারকে অনুসরণ করলেন স্টিভ স্মিথও। অর্ধশতক ও ৬৩ রান করার পর একই ভাবে তিনি স্মরণ করেন হিউসকে।
হিউসের জন্য ভালোবাসা আর আবেগের এই ম্যাচে অস্ট্রেলিয়ার সব খেলোয়াড় তাদের শার্টে ৪০৮ নম্বর নিয়ে খেলছেন। হিউস ছিলেন অস্ট্রেলিয়ার ৪০৮ নম্বর টেস্ট খেলোয়াড়।অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়ই বাহুতে ‘পি এইচ’ লেখা কালো বন্ধনী নিয়ে খেলছেন। ভারতের ক্রিকেটাররাও খেলছেন শোকের কালো বন্ধনী বেধে।
অস্ট্রেলিয়া দলেও আছেন হিউস। এই টেস্টে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় তালিকায় ত্রয়োদশ খেলোয়াড় হিসেবে তার নাম লেখা হয়।
ম্যাচ শেষেও ওয়ার্নারের কথায় বার বার আসে তার বন্ধু হিউস।
“আমাদের সবার জন্য এটি আবেগময় একটি সপ্তাহ এবং আমি জানি, সে আমাদের জন্য গর্বিত হবে।”
