সাব্বিরের ব্যাটে ক্রিকেট অ্যাকাডেমির জয়
সাব্বির রহমানের দারুণ ব্যাটিংয়ে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়েছে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩৭ রানে হারায় ক্রিকেট অ্যাকাডেমি।
এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে রয়েছে ক্রিকেট অ্যাকাডেমি। পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে থাকায় দুই নম্বরে রয়েছে আবাহনী। শীর্ষে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পয়েন্ট ১৬।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতে ২১৫ রানে অলআউট হয়ে যায় ক্রিকেট অ্যাকাডেমি।
৮২ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া দলকে টেনে তোলার কৃতিত্ব ম্যাচ সেরা সাব্বিরের। মেহেদি হাসানের (৩১) সঙ্গে তার ৯২ রানের জুটিতে দুইশ’ রানের কাছাকাছি যায় ক্রিকেট অ্যাকাডেমির সংগ্রহ।
অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৭৩ রান করেন সাব্বির। জিম্বাবুয়ের বিপক্ষে গত সিরিজে ওয়ানডে অভিষিক্ত এই মিডিলঅর্ডার ব্যাটসম্যানের ৬৭ বলের ইনিংসটি ৬টি চার ও ২টি ছয় সমৃদ্ধ।
কলাবাগান ক্রীড়া চক্রের নাসুম আহমেদ ও আব্দুর রাজ্জাক তিনটি করে উইকেট নেন।
জবাবে ৪৫ ওভার ৪ বলে ১৭৮ রানে অলআউট হয়ে যায় কলাবাগান ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগে এটি তাদের সপ্তম পরাজয়।
৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে কলাবাগান ক্রীড়া চক্র। তবে তাসামুল হক দারুণ একটা চেষ্টা করেছিলেন। কিন্তু সঙ্গীর অভাবে দলকে জয় এনে দিতে পারেননি তিনি। ৬০ রানে অপরাজিত থেকে যান এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন নাসিরুদ্দিন ফারুক। রাজ্জাকের ব্যাট থেকে আসে ২৪ রান।
