২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা নিউ জিল্যান্ডের

বোলারদের নৈপূন্যে পাকিস্তানকে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারিয়ে সিরিজে ১-১ -এ সমতা টেনেছে নিউ জিল্যান্ড। শুক্রবার ১৭ রানে জিতেছে কেন উইলিয়ামসনের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 01:26 AM

Updated : 22 Aug 2022, 08:02 PM

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৪ রান করে নিউ জিল্যান্ড। জবাবে ১৮.৫ বলে ১২৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

অ্যান্টন ডেভসিচ ও কেন উইলিয়ামসনের ৪৯ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই হয়েছিল নিউ জিল্যান্ডের। কিন্তু পরের ৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। ডেভসিচ ২১ ও উইলিয়ামসন ৩২ রান করেন।

পরে আর কেউ বড় ইনিংস গড়তে না পারায় দেড়শ'র আগেই শেষ হয়ে যায় কিউইদের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন লুক রনকি। টম ল্যাথাম করেন ২৬ রান।

পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন উমর গুল ও শহীদ আফ্রিদি।

লক্ষ্য খুব বড় না হলেও ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় পাকিস্তান।

আহমেদ শেহজাদ দলকে কক্ষপথে ফেরানোর চেষ্টা করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনিও; ৩৩ রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

সাত নম্বরে নামা আফ্রিদি চেষ্টা একটা করেছিলেন, কিন্তু পারেননি। ১১ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

সিরিজ হার এড়াতে নিউ জিল্যান্ডের কাইল মিলস ও জেমস নিশাম ৩টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৪৪/৮ (ডেভসিচ ২১, উইলিয়াসন ৩২, ব্রাউনলি ০, টেইলর ৭, ল্যাথাম ২৬, রনকি ৩১, নিশাম ৭*, ভেটোরি ০, ম্যাককালাম ৪, মিলস ৬*; গুল ২/২৪, আফ্রিদি ২/৩৩, হাফিজ ১/২০, হাসান ১/২৪, তানভির ১/৩০)

পাকিস্তান: ১৮.৫ ওভারে ১২৭ (সরফরাজ ১, শেহজাদ ৩৩, হাফিজ ৯, সোহেল ৩, নাসিম ১৯, আকমল ১০, আফ্রিদি ২৮, আনোয়ার ২, তানভির ১১, গুল ০, হাসান ০*; নিশাম ৩/২৫, মিলস ৩/২৬, ডেভসিচ ২/১৬, হেনরি ১/৯, ভেটোরি ১/২৮)