বাটলার, রুটে ইংল্যান্ডের জয়
শ্রীলঙ্কা সফরে প্রথম জয় পেয়েছে ইংল্যান্ড। জো রুট ও জস বাটলারের দৃঢ়তায় এসেছে তাদের দারুণ জয়টি।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের ৫ উইকেটের জয়ে বড় অবদান রয়েছে মইন আলিরও। মাত্র ৪০ বলে পাঁচটি ছক্কা ও দুটি চারের সাহায্যে সর্বোচ্চ ৫৮ রান করেন তিনি।
বুধবারের এই হারের পরও সাত ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
বৃষ্টির কারণে তৃতীয় ওয়ানডের দৈর্ঘ্য নেমে আসে ৩৫ ওভারে।
হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উ্ইকেটে ২৪২ রান করে শ্রীলঙ্কা।
৩১ রানে তিন উইকেট হারিয়ে শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কার। তবে কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নের দৃঢ়তায় আড়াইশ’ রানের কাছাকাছি যায় অতিথিদের সংগ্রহ।
সর্বোচ্চ ৬৩ রান করার পথে ওয়ানডেতে ১৩ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন সাঙ্গাকারা। তার ৬২ বলের ইনিংসটি গড়া ৭টি চারে।
দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রানে অপরাজিত থাকেন থিরিমান্নে। তার ৪৭ বলের ইনিংসটিও ৭টি চার সমৃদ্ধ। এছাড়া অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৭ রান করেন।
৪১ রানে ৩ উইকেট নিয়ে ক্রিস ওকস ইংল্যান্ডের সেরা বোলার।
জয়ের জন্য ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৩৬ রান। আট বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় অতিথিরা।
অ্যালেস্টার কুকের (৩৪) সঙ্গে মইনের ৮৪ রানের জুটিতে শুরুটা ভালোই হয় ইংল্যান্ডের। ১১.৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটি ভাঙার পর দিক হারায় অতিথিরা। এক সময়ে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫২ রান।
সেখান থেকে দলকে দারুণ জয় এনে দেয়ার কৃতিত্ব বাটলার ও রুটের। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৬৩ বলে ৮৪ রানের জুটি গড়েন এই দুই জনে। ম্যাচ সেরা বাটলার অপরাজিত থাকেন ৫৫ রানে। তার ৩৭ বলের ইনিংসটি সাজানো ৯টি চারে।
রুট অপরাজিত থাকেন ৪৮ রানে। তার ৪৮ বলের ইনিংসটিতে রয়েছে দুটি করে ছক্কা ও চার।
শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথিউস ২ উইকেট নেন ৩৪ রানে।
