অবসরে যাচ্ছেন আফতাব
দল বদলের সময়েই আফতাব আহমেদ জানিয়েছিলেন, এই মৌসুমই শেষ; এরপর ক্রিকেট ব্যাট তুলে রাখবেন তিনি। মৌসুমের শেষ পর্যন্ত আর অপেক্ষা করছেন না জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। রোববার ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্সের হয়ে আবাহনীর বিপক্ষে ম্যাচ দিয়েই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।
ব্রাদার্স ইউনিয়নের হয়ে এবার চারটি ম্যাচে খেলেন আফতাব। ১২.৫০ গড়ে ৪৯ রান করা এই ব্যাটসম্যান খেলেননি শেষ তিন ম্যাচে। ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেট ম্যানেজার আমিন খান নিশ্চিত করেন, রোববার আবাহনী ম্যাচ দিয়ে ক্রিকেটকে বিদায় জানাবেন আফতাব।
নবম রাউন্ডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে খেলবে ব্রাদার্স।
ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিংয়ের দিকে পুরোপুরি মনোযোগ দেবেন বাংলাদেশের অনেক জয়ের নায়ক আফতাব। নিজ শহরে চট্টগ্রামে আপাতত কোচিং অ্যাকাডেমি খুলছেন আফতাব।
ভারতের বিতর্কিত ক্রিকেট লিগ আইসিএলে যাওয়ার আগ পর্যন্ত আফতাব ছিলেন জাতীয় দলের অন্যতম ব্যাটিং ভরসা। আইসিএল থেকে ফিরে জাতীয় দলেও এসেছিলেন। কিন্তু পুরানো রূপে আর দেখা যায়নি তাকে।
