২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিগ ব্যাশে যাওয়ারও অনুমতি মিলছে সাকিবের

দুই সপ্তাহ পরই শুরু হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগ। তাই সাকিব আল হাসানের বাইরের লিগে খেলার নিষেধাজ্ঞা তুলতে আর বোর্ড সভার জন্য অপেক্ষা করবে না বিসিবি। লিখিত বা মৌখিক সম্মতিতে অলরাউন্ডারের ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞাটিও উঠে যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 07:22 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, সাকিবের বিগ ব্যাশে খেলার সম্ভাবনা রয়েছে।

আগামী ১৮ ডিসেম্বর থেকে পরের বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়োজনে হবে বিগ ব্যাশ। গতবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন সাকিব।

শৃঙ্খলাভঙ্গের ঘটনায় গত ৭ জুলাই সাকিবকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। এ সময় আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলার জন্য তাকে অনাপত্তিপত্র (এনওসি) না দেয়ারও ঘোষণা দেয় তারা।

পরে বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারের শাস্তির মেয়াদ কমায় বিসিবি। ১৫ সেপ্টেম্বর থেকে দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় তারা। তবে দেশের বাইরের টুর্নামেন্টে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা থেকেই যায়।

গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি জানান, তার সঙ্গে কথা বলেই সাকিব দুই/তিন দিন আগে বিদেশের ঘরোয়া টুর্নামেন্টে খেলার ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বোর্ডের কাছে আবেদন করেন।

নাজামুল হাসান জানান, বোর্ড সভা হতে দেরি হবে, তাই মৌখিক এবং লিখিত সম্মতিতে সাকিবের আবেদনে সাড়া দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

“আমার ধারণা, কালকের মধ্যে আমরা সিদ্ধান্তটা পেয়ে যাব। দুই-চার দিনের মধ্যেই বিগ ব্যাশ লিগ শুরু হয়ে যাবে। এর মধ্যে না উঠলে তো সে দল পাবে না। আজ রাতে (দেশের) বাইরে যাচ্ছি, পরশু ফিরেই আনুষ্ঠানিক ঘোষণা দেব।”

নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। ৫-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের সেরা বোলার ছিলেন তিনি।

বিগ ব্যাশ ছাড়াও ভারতের আইপিএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল ও ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলেছেন সাকিব।