সৌরভে আগ্রহী বিসিবি
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ব্যাটিং পরামর্শক হিসেবে আনার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের আগে তার পরামর্শ পাওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ দলের।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেন, বিশ্বকাপের আগে আসছেন না সৌরভ।
বাংলাদেশের উদ্বোধনী টেস্টে প্রতিপক্ষ ভারত দলের অধিনায়ক ছিলেন সৌরভ। তার সঙ্গে বিসিবির সম্পর্ক এখন যথেষ্ট দৃঢ়। তার আমন্ত্রণেই কিছু দিন আগে ইডেন গার্ডেনসের দেড়শ’ বছর পূর্তিতে আয়োজিত আচার্য মেমোরিয়াল ট্রফিতে অংশ নেয় বাংলাদেশের একটি শক্তিশালী দল।
সৌরভের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ব্যাপারে আশাবাদী বিসিবি প্রধান।
“সৌরভ যে আসবেন, এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কারণ, তার সঙ্গে আমার কথা হয়েছে। সে নিজেও আগ্রহী, আমরাও আগ্রহী।”
এর আগে গত মার্চ-এপ্রিলে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে বাংলাদেশে এসে সৌরভ জানিয়েছিলেন, বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব পেলে ভেবে দেখবেন তিনি।
পরে বিসিবি জানায়, পূর্ণকালীন কোচ হওয়ার কোনো সম্ভাবনা নেই সৌরভ গাঙ্গুলির। তবে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে পারেন তিনি।
