টপ অর্ডারে ধস নিয়ে দুর্ভাবনায় মাশরাফি
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়েও দুর্ভাবনা কাটেনি বাংলাদেশের। তিনটি ম্যাচে ব্যর্থ টপঅর্ডার নিয়ে চিন্তা রয়েই গেছে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।
প্রথম ওয়ানডেতে ৩১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ওয়ানডেতে ৩২ রানে চার উইকেট হারায় তারা। পঞ্চম ম্যাচে ৪৭ রানে তিন উইকেট পড়ে।
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলার আগে ব্যাটিংয়ের এই ধস নিয়ে কাজ করার ওপর জোর দিচ্ছেন মাশরাফি।
“আমাদের ব্যাটিংয়ে টপ অর্ডারে ‘কলাপস’ ছিল আজকেও। এটা দেখার বিষয়। আর এত কম রানে কেউই প্রত্যাশা করে না ৫ উইকেট পড়ে যাবে। আমি মনে করি, এই বিষয়গুলো আমাদের চিন্তা করা উচিত।”
১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারায় বাংলাদেশ। মাশরাফি জানান, আগের দুই দিনের চেয়েও এদিন উইকেট অনেক বেশি ব্যাটিং সহায়ক ছিল। বাংলাদেশের বাজে ব্যাটিং আর জিম্বাবুয়ের দুই পেসারের ভালো বোলিংয়ের কারণেই এতগুলো উইকেটের পতন হয়।
“আজকে কিন্তু আগের দুই ম্যাচের চেয়ে অনেক বেশি ফ্ল্যাট উইকেট ছিল। মূল জিনিস হচ্ছে, জিম্বাবুয়ের দুই পেসার ভালো বল করেছে। আমরা যেটা পারিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা ওরকম ভালো ব্যাটিং করিনি।
জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়ানডেতে কোনো জয় ছিল না বাংলাদেশের। টানা পাঁচ জয়ে স্বাভাবিকভাবে ভীষণ খুশি দলের অধিনায়ক। তিনি জানান, খেলোয়াড়রা পেশাদারিত্বের সঙ্গে পারফর্ম করায় এই ফল সম্ভব হয়েছে। ছেলেরা খুব কষ্ট করেছে বলেই এটা সম্ভব হয়েছে।
অভিষেকে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া তাইজুল ইসলামের উচ্ছ্বসিত প্রশংসা করেন মাশরাফি।
“হ্যাটট্রিক হয়তো ভাগ্যের ব্যাপার। সে ভালো বোলিং করেছে, এক জায়গায় বল করে গেছে। দলের যেটা প্রয়োজন সেটা করে গেছে।”
বাংলাদেশ প্রতিটি ম্যাচেই তাকিয়ে থাকে স্পিনারদের দিকে। দেশসেরা পেসার মাশরাফি মনে করেন, পেসারদের কাছ থেকে স্পিনাররা একটু সহায়তা না পেলে কাজটা খুব কঠিন হয়ে যাবে। তাই তিনি চান, পেসারদের আরেকটু আত্মবিশ্বাস এবং সমর্থন দেয়া উচিত।
