একটা জয়ের জন্য মরিয়া জিম্বাবুয়ে
২০০৬ সালের পর আবার বাংলাদেশের কাছে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে হারের শঙ্কায় আছে জিম্বাবুয়ে। আট বছর আগের সেই হারের পুনরাবৃত্তি ঠেকাতে পঞ্চম ও শেষ ওয়ানডেতে জয় চায় অতিথিরা।
তিন দিনের প্রস্তুতি ম্যাচে ড্র দিয়ে বাংলাদেশ সফর শুরু করে জিম্বাবুয়ে। এরপর টানা তিন টেস্টে হারে তারা। ওয়ানডে প্রস্তুতি ম্যাচেও হারে দলটি। টানা চারটি ওয়ানডেতে হারের পর আবার সিরিজে সব ম্যাচ হারের শঙ্কায় পড়েছে দলটি।
জিম্বাবুয়ের ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা জানান, সিরিজে সব ম্যাচ হারের লজ্জা এড়াতে শেষ ওয়ানডেতে যে কোনো মূল্যে জয় চান তারা।
মাসাকাদজা মনে করেন, কোনো ম্যাচেই একই সঙ্গে ব্যাটিং ও বোলিংয়ে ভালো করতে না পারায় জেতা হয়নি তাদের।
“আমরা দুই বিভাগে একসঙ্গে ভালো করতে পারিনি। কখনো বোলিং ভালো হলে ব্যাটিং বাজে হয়েছে, আবার কখনো ব্যাটিং ভালো হলে বোলিং ভালো হয়নি। দুই বিভাগে সমানভাবে ভালো খেলতে পারলে আমরা জিততে পারতাম।”
শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে নিজেদের খুব একটা পিছিয়ে রাখছেন না মাসাকাদজা। তিনি মনে করেন, তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি।
“পুরোটা সময় আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। তবে কখনো কখনো ম্যাচের অনেকটা সময় ধরে আমরা ভালো খেলেছি, যা আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছে। শেষ ম্যাচে ৩২ রানে ওদের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছিলাম। সেখান থেকে জেতা সম্ভব ছিল, কিন্তু আমরা পারিনি।”
বাংলাদেশের স্পিনারদেরই মূল বাধা মনে করেন মাসাকাদজা। তবে পেস বোলারদেরও প্রশংসা করেন তিনি।
“বাংলাদেশের পেসাররা ভালো বোলিং করেছে। ওরা আমাদের ধারণার চেয়ে ভালো বোলিং করেছে। আমার মনে হয়, বাংলাদেশে অনেক ভালো ভালো পেসার উঠে আসছে।”
