ভাবনায় শুধু ‘৫-০’
সিরিজের শুরুতে ৫-০ ব্যবধানে জয়ের কথা মাথায় আনতে চায়নি বাংলাদেশ। টানা চার ম্যাচ জয়ের পর সেটাই এখন খুব কাছের লক্ষ্য। পঞ্চম ওয়ানডেতে জিতে এই সংস্করণেও সিরিজের সব ম্যাচ জয়ের কৃতিত্ব দেখাতে চায় বাংলাদেশ।
এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জেতে বাংলাদেশ।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, এতো দূর আসার পর তাদের ভাবনায় কেবল ৫-০।
“অবশ্যই এটা (৪-১) চিন্তা করছি না। চারটা ম্যাচ জেতার পর সব খেলোয়াড়ই আত্মবিশ্বাসী। ক্রিকেটে এটা (হার) হতেই পারে। কিন্তু আমাদের জেতার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। কালকের ম্যাচটা জেতার জন্য যত দূর ভালো খেলা সম্ভব সেটা খেলতে হবে।”
সিরিজের শুরু থেকে একটি করে ম্যাচ এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন মাশরাফি। পঞ্চম ম্যাচে এসে জানান, শেষটা ভালো করা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
“ধারাবাহিকভাবে ভালো করে শেষ করাটাও খুব গুরুত্বপূর্ণ। আগের চার ম্যাচে যে ভুলগুলো করেছি সেগুলো এবার করতে চাই না। আগের চেয়েও ভালো খেলে জিততে চাই।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজের প্রথম দিন চোট পেয়েছিলেন মাশরাফি। নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের প্রথমটিতেও আবার চোট পান তিনি। দুই সিরিজেই তার জায়গায় দলকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। এবার সিরিজে সব ম্যাচ জেতায় নেতৃত্ব দেয়ার সুযোগ এসেছে মাশরাফির সামনে।
“এর আগে যা করতে পারিনি, এখন তা করে আলাদা শান্তি পাব; বিষয়টা আসলে এমন না। ভালো লাগবে এই কারণে যে, এই বছরে অনেকগুলো জেতা ম্যাচ হেরেছি। সেগুলো না হারলে হয়তো এতো সমস্যা তৈরি হতো না।”
মাশরাফি জানান, সফরের শুরুতে কেউ ভাবতেও পারেননি বাংলাদেশ সব ম্যাচ জিতে যেতে পারে।
“খেলার আগে কেউ চিন্তা করেনি আমরা টেস্টে ৩-০ ও ওয়ানডে ৫-০ ব্যবধানে জিততে পারি। খারাপ সময় থেকে বের হয়ে এসে খেলোয়াড়রা পারফর্ম করেছে। ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছি, ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে আছি; যদি ৫-০ করতে পারি অবশ্যই খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হবে।”
