২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা-নিরীক্ষার পক্ষেই অধিনায়ক

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দল নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করছে বাংলাদেশ। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন, ক্রিকেটাররা নিজের দায়িত্ব সম্পর্কে জানায় বাংলাদেশের খেলায় এর কোনো প্রভাব পড়বে না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 07:52 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

প্রথম দুই ওয়ানডেতে একই দল খেলায় বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করা তৃতীয় ওয়ানডেতে প্রথম পরিবর্তন আনে তারা। চতুর্থ ওয়ানডেতে স্বাগতিক দলে আসে তিনটি পরিবর্তন। পঞ্চম ওয়ানডেতেও আসতে পারে একাধিক পরিবর্তন।

পঞ্চম ওয়ানডের আগের দিন সাংবাদিকদের মাশরাফি বলেন, “পরিবর্তন তো কেবল এখন না, আগের ম্যাচেও হয়েছে। পারফরম্যান্সের ওপর প্রভাব তখনই পড়বে, যখন দল এভাবে চিন্তা করবে। যাকে আনা হচ্ছে সে সক্ষম, তার ওপর নিশ্চই দায়িত্ব দেয়া হচ্ছে। সে তার দায়িত্ব পালন করলে আর যারা ভালো করছে, তারা শেষ পর্যন্ত ভালো খেললে, মনে হয় না কোনো সমস্যা হবে।”

দলে আসা-যাওয়া নতুন নয় মাশরাফির জন্য। চোটের জন্য কখনো কখনো লম্বা সময়ের জন্য দলের বাইরে থাকতে হয়েছে তাকে। নিজের অভিজ্ঞতা থেকেই জানেন, দলে না থাকার ব্যাপারটি মানিয়ে নিতে হয় ক্রিকেটারেরই।

দলে পরিবর্তন হওয়ায় অনেকে ভালো খেলেও বাদ পড়ছেন। বাদ পড়া খেলোয়াড়রদের মানসিকভাবে চাপে থাকার কোনো কারণ দেখেন না মাশরাফি।

“আর ওরা তো জানে, কি জন্য বাদ গেছে। ও (মুমিনুল) জানে কেন খেলছে না। আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই জানে। এখানে কারো ‘ডাবল মাইন্ডেড’ হওয়ার সুযোগ আমি দেখি না। প্রত্যেক খেলোয়াড়কে ব্যাপারটা বুঝিয়ে দেয়া হয়েছে।”

দলের অধিনায়ক অবশ্য মনে করেন, নিজেকে মেলে ধরার জন্য এক ম্যাচ কোনোভাবেই যথেষ্ট নয়।

“আমার মনে হয়, বিশ্বকাপের আগে সবাইকে একটু দেখা হচ্ছে। একজন খেলোয়াড় একটা ম্যাচে খারাপ করার মানে এই নয় যে, তাকে ছুড়ে ফেলা হচ্ছে। বা এক ম্যাচ ভালো করলেই এমন না যে, তাকে নিয়ে চিন্তা করা হচ্ছে। নির্বাচকরা গভীরভাবে চিন্তা ভাবনা করছেন।”

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে বিশ্বকাপ। মাশরাফি জানান, জিম্বাবুয়ে সিরিজের পরপরই বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে।

“বিশ্বকাপ নিয়ে চিন্তা অবশ্যই করতে হবে। পরবর্তী প্রস্তুতি অবশ্যই হবে বিশ্বকাপের। তবে আপাতত, কালকের (সোমবার) ম্যাচ জেতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”