বিশ্রাম চান না মাশরাফি
চোটের সঙ্গে মাশরাফি বিন মুর্তজার সখ্য বহুদিনের। চোট থেকে ফিরে নতুন করে চোটে পড়ার উদাহরণও কম নেই তার। শেষবার চোট থেকে ফেরার পর কখনও তিন ম্যাচের সিরিজেও বিশ্রাম নিতে হয়েছে এই পেসারকে। কিন্তু এবার টানা পঞ্চম ওয়ানডেতেও খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, শেষ ম্যাচে বিশ্রাম নেয়ার কোনো পরিকল্পনা নেই তার।
“টেস্ট খেলছি না, তাই পারফরম্যান্স ঠিক থাকলে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালোভাবে অংশ নেয়া আমার দায়িত্ব। ভাল অবস্থায় থেকেও বিশ্রাম নেয়া অবিচার হবে।।”
মাশরাফি জানান, মাত্র একদিন বিরতি থাকায় শুক্রবার হয়ে যাওয়া চতুর্থ ম্যাচ খেলা খুব কঠিন ছিল তার জন্য। পঞ্চম ওয়ানডের আগে একদিন বাড়তি বিরতি থাকায় খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক।
চলতি বছর ওয়ানডেতে ভীষণ বাজে কাটছিল বাংলাদেশের। ১৩ ম্যাচের ১২টিতেই হারে দলটি, অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। বাজে সময় পেছনে ফেলতে দুই টেস্ট ও ওয়ানডেতে ভিন্ন অধিনায়ক বেছে নেয় বাংলাদেশ। ওয়ানডেতে মাশরাফিকে অধিনায়ক করার পর কোনো ম্যাচ হারেনি স্বাগতিকরা।
