ক্রিকেট বলে করুণ যত মৃত্যু
বাউন্সারে লুটিয়ে পড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানলেন ফিলিপ হিউস। তবে ক্রিকেট মাঠে চোট পাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনা এটাই প্রথম নয়।
ড্যারিন র্যান্ডাল (দক্ষিণ আফ্রিকা), ২০১৩
৩২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে খেলার সময় পুল করতে গিয়ে মাথার পাশে আঘাত পান। আঘাত পাওয়ার পর ক্রিজে পড়ে যান র্যান্ডাল। দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার জ্ঞান আর ফেরেনি।
রিচার্ড বোউমন্ট (ইংল্যান্ড), ২০১২
ক্লাব ম্যাচে ৫ উইকেট নেয়ার কিছুক্ষণ পরই মাটিতে লুটিয়ে পড়েন ইংল্যান্ডের ৩৩ বছর বয়সী ফাস্ট বোলার রিচার্ড বোউমন্ট। ধারণা করা হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
ওয়াসিম রাজা (পাকিস্তান), ২০০৬
পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও পরে আইসিসির ম্যাচ রেফারি হওয়া ওয়াসিম রাজা কাউন্টি দল সারের পঞ্চাশোর্ধ্ব দলের হয়ে খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
অ্যালকউইন জেনকিন্স (ইংল্যান্ড), ২০০৯
ইংল্যান্ডের ৭২ বছর বয়সী এই আম্পায়রের মাথায় এক ফিল্ডারের থ্রো করা বল আঘাত হানে। সোয়ানসিতে একটি লিগ ম্যাচ পরিচালনা করছিলেন তিনি। তাকে হাসপাতালে নিয়ে বাঁচানো যায়নি।
ইয়ান ফোলি (ইংল্যান্ড), ১৯৯৩
ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে হুক শট খেলতে গিয়ে চোখের নীচে আঘাত পান ইংল্যান্ডের ৩০ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। হাসপাতালে চিকিৎসার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
রমন লাম্বা (ভারত), ১৯৯৮
ঢাকায় ক্লাব ক্রিকেটে শর্ট লেগে ফিল্ডিং করছিলেন ভারতের ৩৮ বছর বয়সী উদ্বোধনী ব্যাটসম্যান রমন লম্বা। বল এসে তার মাথায় আঘাত করে। পরে হাসপাতালে মারা যান তিনি।
উইলফ স্ল্যাক (ইংল্যান্ড), ১৯৮৯
গাম্বিয়ার রাজধানী বানজুলে ব্যাটিং করার সময় হঠাৎই লুটিয়ে পড়েন মিডলসেক্স ও ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান উইলফ স্ল্যাক। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ণয় করা যায়নি।
আব্দুল আজিজ (পাকিস্তান), ১৯৫৯
করাচিতে ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে ব্যাট করতে গিয়ে বুকে বল লাগে পাকিস্তানের উইকেটরক্ষক আব্দুল আজিজের। হাসপাতালে নেওয়া হলে ১৮ বছর বয়মী এই ক্রিকেটারকে মৃত ঘোষণা করা হয়।
অ্যান্ডি ডুক্যাট (ইংল্যান্ড), ১৯৪২
লর্ডসে একটি ম্যাচ খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট খেলা ৫৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।
জর্জ সামার্স (ইংল্যান্ড), ১৮৭০
লডর্সে এমসিসির বিপক্ষে নটিংহ্যামশায়ারের হয়ে ব্যাট করার সময় মাথায় আঘাত পান জর্জ সামার্স। কিছুদিন পর মারা যান ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
