পরিবর্তন আসছে বিসিবিতে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন কমিটিতে পরিবর্তন আসছে। বোর্ডের আগামী সভাতেই এই পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান।
রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলার সময় সাংবাদিকদের নাজমুল হাসান জানান, জিম্বাবুয়ে সিরিজের পরপরই বিসিবির কমিটি পুনর্বিন্যাস করা হবে।
“কমিটিতে পরিবর্তন আসবে। আমি আগেই বলেছিলাম, সবগুলোই পরিবর্তন আসবে। পরবর্তী বোর্ড সভায় আশা করছি, পরিবর্তন করে ফেলব।”
বিসিবি প্রধান জানান, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে শুরু করে প্রায় সবগুলো কমিটিতেই পরিবর্তন আসছে।
“আমি মনে করি, সিসিডিএম, বয়সভিত্তিক, ক্রীড়া উন্নয়ন, ক্রিকেট পরিচালনা বিভাগগুলোতে পরিবর্তন করার সময় হয়েছে। প্রথমে যেটা করেছিলাম, সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল।”
জাতীয় পরিষদ কোটায় বিসিবির পরিচালক হয়েছিলেন নাজমুল হাসান। তিনি সভাপতি হওয়ায় পরিচালকের একটি পদ খালি রয়েছে। এবারই তিনি একজনের নাম প্রস্তাব করবেন বলে জানান বিসিবি সভাপতি।
“বোর্ড পরিচালকের একটা পদ খালি আছে। ইতোমধ্যে আমরা একটা নাম মোটামুটি ঠিক করে রেখেছি। সেই নামটাই প্রস্তাব করব ঢাকায় গিয়ে।”
কোন কমিটিতে নতুন সভাপতি হয়ে কে আসছেন তা এখনই জানাতে নারাজ বোর্ড প্রধান।
