বাংলাদেশের স্পিনারদের সিরিজ
মাত্র একটি উইকেটের জন্য তিন ম্যাচের সিরিজে ৫০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখাতে পারেননি বাংলাদেশের স্পিনাররা। তবে তাতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে তাদের ঘূর্ণিবলের মাহাত্ম্য একটুও কমেনি।
স্বাভাবিকভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসান। ১৮.২৭ গড়ে সর্বোচ্চ ১৮ উইকেট নেন তিনিই। পাঁচ উইকেট নেন তিনবার, ১০ উইকেট একবার। ইনিংস সেরা ৬/৫৯, ম্যাচ সেরা ১০/১২৪।
আগের সিরিজেই অভিষিক্ত তাইজুল ইসলামও কম যাননি। ২১.৭০ গড়ে ১৭ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। সিরিজে এক ইনিংসের সেরা বোলিং তারই। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে ৮ উইকেট নেন তিনি। তার ম্যাচ সেরা ৯/৮১।
অভিষিক্ত জুবায়ের হোসেন জ্বলে উঠেছেন নিজের প্রথম সিরিজেই। প্রথম দুই টেস্টে সাকিব, তাইজুলের ছায়ায় পড়ে থাকলেও চট্টগ্রামে তিনিই ছিলেন স্বাগতিকদের সেরা অস্ত্র। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৯৬ রানে ৫ উইকেট নেন তিনি। সিরিজে ২৯.২৭ গড়ে ১১ উইকেট নেন ১৯ বছর বয়সী এই লেগস্পিনার।
এছাড়া শুভাগত হোম চৌধুরী দুটি ও মাহমুদুল্লাহ রিয়াদ একটি উইকেট নেন।
পুরো সিরিজে বাংলাদেশের স্পিনারদের জবাব খুঁজতেই ব্যস্ত ছিল জিম্বাবুয়ে। রুদ্ধদ্বার অনুশীলন, বোলিং মেশিনে অনুশীলন, জাল বিছিয়ে অনুশীলন থেকে শুরু করে অনেক কৌশলই নিয়েছিলেন তারা। কিন্তু কোনোভাবেই সাফল্য আসেনি।
মাত্র তিন দিনেই ঢাকা টেস্ট হারের পর বাংলাদেশের স্পিন আক্রমণকে ‘ডেডলি অ্যাটাক’ বলে অ্যাখ্যায়িত করেছিলেন জিম্বাবুয়ের কোচ স্টিভেন ম্যানগনগো।
স্পিনারদের ওপর অগাধ আস্থা থাকায় খুলনা টেস্টে জিম্বাবুয়েকে অলআউট করতে মাত্র ৬৮ ওভার রেখেছিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। অধিনায়কের আস্থার প্রতিদান ঠিকই দিয়েছিলেন সাকিব, তাইজুল, জুবায়েররা। মাত্র ৫১.১ ওভারে জিম্বাবুয়েকে অলআউট করে দলকে দারুণ জয় এনে দিয়েছিলেন তারা।
চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও দলকে জয় এনে দেয়ার বড় অবদান বাংলাদেশের স্পিনারদের। সাকিব, তাইজুলদের অতিথি ব্যাটসম্যানরা কোনোমতে ঠেকিয়ে রাখলেও জুবায়ের ও দুই অফস্পিন অলরাউন্ডার শুভাগত ও মাহমদুল্লাহ রিয়াদরা ঠিকই অতিথিদের প্রতিরোধ গুড়িয়ে দেন।
