২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের আশা ছাড়ছে না জিম্বাবুয়ে

শেষ দিনে প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ ড্র করাই কঠিন হবে জিম্বাবুয়ের জন্য। তবে চট্টগ্রাম টেস্টে জয়ের আশা ছাড়ছেন না অতিথিদের পেসার টিনাশে পানিয়াঙ্গারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 08:42 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

শনিবার চতুর্থ দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা পানিয়াঙ্গারা জানান, উইকেট এখনো ব্যাটিং সহায়ক, বোলারদের জন্য তেমন কোনো সহায়তা চতুর্থ দিনেও ছিল না।

তাই ম্যাচে বাংলাদেশের জয় অথবা ড্র - এই দুটি সম্ভাব্য ফল আসবে মনে করেন না পানিয়াঙ্গারা। বিশ্বরেকর্ড গড়ে ৪৪৯ রান তাড়া করে জেতা সম্ভব বলে মনে করেন তিনি।
“সম্ভাব্য সেরা ফল হলো, জিম্বাবুয়ের জয়। যদি জিতি, তা হলে খুবই খুশির ব্যাপার হবে। যদি নাটকীয় ড্র হয় তবুও খুশি হব, কেউ হারতে চায় না।”

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। জয়ের জন্য শেষ দিন জিম্বাবুয়ের চাই আরো ৩৭৮ রান।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে সেন্ট জন্সে অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জেতে স্বাগতিকরা। জিততে হলে তাই রেকর্ড গড়তে হবে জিম্বাবুয়েকে।

উইকেটের ওপর ভরসা করে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখছেন পানিয়াঙ্গারা।
“আমার মনে হয়, উইকেট একই রকম থাকবে। মনে হয় না, খুব একটা পরিবর্তন হবে। এটা এখনও ফ্ল্যাট উইকেট, আমি কোনো পরিবর্তন দেখছি না।”