মুডগাল প্রতিবেদনে শ্রীনিবাসনের নাম
২০১৩ সালের আইপিএলের স্পট-ফিক্সিং নিয়ে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন এবং আইপিএলের প্রধান অপারেটিং কর্মকর্তা সুন্দর রামনসহ ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ চার ব্যক্তির নাম এসেছে।
তদন্ত প্রতিবেদনে নাম আসা অন্য দুই জন হলেন চেন্নাই সুপার কিংসের ‘প্রিন্সিপাল’ ও শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পন এবং রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রা।
টিএস ঠাকুর ও এফএম কলিফু্ল্লাহকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চে শুক্রবার শুনানির সময় এই নামগুলো জানানো হয়। আদালত এই চার জনকে নোটিশও পাঠিয়েছে।
গত মে মাসে আইপিএলে স্পট ফিক্সিংয়ের আরো তদন্তের জন্য মুকুল মুডগালকে প্রধান করে নতুন কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে এই মাসের শুরুতে প্রতিবেদন জমা দেয় মুডগাল কমিটি।
বিসিসিআই/শ্রীনিবাসন এবং বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন - উভয় পক্ষের আইনজীবিদেরকে মুডগাল প্রতিবেদনের কপি দেয়া হবে যেন আগামী ২৪ নভেম্বর হতে যাওয়া পরবর্তী শুনানির জন্যে তারা নিজেদের প্রস্তুত করে নিতে পারে।
বিচারকরা অনিচ্ছাকৃতভাবে তিন ক্রিকেটারের নামও উল্লেখ করেন, তবে পরে নামগুলো প্রকাশ না করতে গণমাধ্যমগুলোকে নির্দেশ দেন।
শ্রীনিবাসনসহ চারজনের ‘নাটকের নেপথ্যের চার অভিনেতার’ নাম প্রকাশ করে তাদেরও প্রতিবেদনের কপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আদালত। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য তাদের চার দিন সময় দেয়া হয়েছে।
