২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজও জয় দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়েছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 07:58 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

শুক্রবার পার্থের ওয়াকায় টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৩০০ রান করে। জবাবে ৪৮.১ ওভারে ২৬৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাটে ভালো সূচনা পায় অস্ট্রেলিয়া। ৯৪ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা; ওয়ার্নার ৪৬ এবং ফিঞ্চ ৩৫ রান করেন।

এরপর অবশ্য একটা ধাক্কা খায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলকে ৯৪ রানে রেখে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে যান। ১৮ রান পর আউট হয়ে ফেরেন অধিনায়ক মাইকেল ক্লার্কও।

এরপর চার ওভারের মধ্যে শেন ওয়াটসন ও মিচেল মার্শ আউট হয়ে গেলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৪৪। তবে ম্যাথিউ ওয়েডের সঙ্গে ৯২ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে ওঠেন জর্জ বেইলি।

৭৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৭০ রান করেন বেইলি। আর উইকেটরক্ষক ওয়েড করেন ৩৫ রান।

৪৫ রানে ৪ উইকেট নিয়ে অতিথিদের সেরা বোলার ভারনন ফিল্যান্ডার।

জয়ের জন্য ৩০০-এর বেশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের দল। ১৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে তারা। একটু পর আরো দুটি উইকেট হারালে তাদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৭৬।

এরপর পঞ্চম উইকেটে ডেভিড মিলারের সঙ্গে ১২৬ রানের জুটি গড়ে জয়ের আশা জাগান অধিনায়ক ডি ভিলিয়ার্স। কিন্তু ২০২ রানে মিলার ও রায়ান ম্যাকলারেন আউট হয়ে গেলে ফের বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা।

এরপর ১৫ রানের মধ্যে আরো তিনটি উইকেট হারালে দলটির জয়ের আশা প্রায় শেষই হয়ে যায়।

রান আউট হওয়ার আগে ৭৬ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৮০ রান করেন ডি ভিলিয়ার্স।

শেষ উইকেটে মরনে মরকেল ও ইমরান তাহির ৪৬ রানের জুটি গড়ে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পারেন।

৪৮ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার নাথান কোল্টার-নাইল।