২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের স্বপ্ন চিগুম্বুরার

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ১৫২ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। হাতে রয়েছে পুরো ১০ উইকেট। তবুও জয়ের আশা ছাড়তে রাজি নন জিম্বাবুয়ের অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 07:17 PM

Updated : 13 Oct 2022, 12:48 PM

শুক্রবার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা চিগুম্বুরা জানান, তাড়া করা যাবে এমন রানের মধ্যে বাংলাদেশকে বেধে রাখতে চান তারা।

“ওরা ১৫২ রানে এগিয়ে রয়েছে। ওদের কম রানে বেধে রাখার ব্যাপারটা আমাদের ওপর নির্ভর করছে।”

ব্যাটিং স্বর্গ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ দুটি টেস্টই ড্র হয়েছে। এবার তিন দিনে দুই দলের একটি করে ইনিংস শেষ হলেও ফলের সম্ভাবনা দেখেন চিগুম্বুরা।

“আপনি কোনো ম্যাচ ড্র করার জন্য খেলতে পারেন না। আমরা সব ম্যাচ জেতার জন্যই খেলি। যে কোনো উইকেটে চতুর্থ ও পঞ্চম দিনে সুযোগ থাকে। আমাদের এটা কাজে লাগাতে হবে।”

প্রথম টেস্ট শতকের খুব কাছাকাছি গিয়েও পারেননি। ৮৮ রানে ফিরতে হওয়ায় খুবই হতাশ এই অলরাউন্ডার।

“প্রত্যেকেই মাইলফলকে পৌঁছাতে চায়। সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত আপনাকে মনোযোগী থাকতে হবে। এটা একটা বাজে শট ছিল। তবে রান পেয়ে ভালো লাগছে।”

চিগুম্বুরাসহ জিম্বাবুয়ের পাঁচ ব্যাটসম্যানকে বিদায় করার কৃতিত্ব জুবায়ের হোসেনের। প্রথমবারের মতো পাঁচ উইকেট নেয়া এই লেগস্পিনারের নৈপুণ্যে ১২৯ রানের লিড পায় বাংলাদেশ।

৯৬ রানে ৫ উইকেট নেয়া জুবায়েরের প্রশংসা করে চিগুম্বুরা বলেন, “যে কোনো বোলারের জন্য পাঁচ উইকেট পাওয়া ভালো একটি ব্যাপার। এটা একটি শতক করার মতো। পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্ব তাকে দিতেই হবে।”

বাংলাদেশের ৫০৩ রানের জবাবে ৩৭৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ বিনা উইকেটে ২৩ রান।