ঘরের মাঠে প্রথম শতকের আনন্দ তামিমের
চট্টগ্রামে নয়টি টেস্ট খেললেও কোনো শতক ছিল না তামিম ইকবালের। ঘরের মাঠে একটি শতকের জন্য মরিয়া ছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টেস্টে সেই আক্ষেপ ঘোচালেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
চট্টগ্রামে নিজের দশম টেস্টে এসে শতক পেলেন তামিম। বুধবার তৃতীয় টেস্টের প্রথম দিন ১০৯ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি।
বুধবারের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সামনে আসা তামিম বলেন, “অনুশীলনেও আমি কোচদের বলছিলাম, এই মাঠে একশ’ করতে চাই। চট্টগ্রামে বেশ কয়েকটি টেস্ট খেললেও এখানে আমার রেকর্ড ভালো নয়। একটি শতক করতে চেয়ছিলাম, আজ তা পেয়েছি; আমি খুবই খুশি।”
চট্টগ্রামে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে শতকের খুব কাছে গিয়েছিলেন তামিম। সেই ম্যাচে ৮৬ রান করে ফিরেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
খুলনা টেস্টেও শতক পেয়েছিলেন তামিম। সেই ম্যাচেও ১০৯ রান করেছিলেন বাংলাদেশের টেস্ট দলের সহ-অধিনায়ক। তিনি এই দুই ইনিংস খেলেন ভিন্ন মেজাজে।
তামিম জানান, খুলনা টেস্টে শতক করতে খুব কষ্ট করতে হয়েছে তাকে। সেখানে প্রথম দিনের উইকেটে ব্যাট করা দুরূহ ছিল।
“দুটি দুই রকমের ইনিংস; দুটি শতকই আমার জন্য বিশেষ কিছু।”
টেস্ট ক্রিকেটে ছয় বছর কাটানো তামিম এখন অনেক পরিণত।
“সাফল্য পেতে হলে ধৈর্য্য ধরতে হবে। সব কিছুরই একটা সীমা থাকে। সীমা ধরে রেখেই সবকিছু করা উচিত।”
চট্টগ্রামে ষষ্ঠ শতকে পৌঁছে মোহাম্মদ আশরাফুলের রেকর্ড স্পর্শ করেন তামিম। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ শতকের রেকর্ড এখন যৌথভাবে তাদের।
তবে সব মিলিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতক এখন তামিমের। ওয়ানডের চারটি সহ তার শতক ১০টি। এই ক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন ৯টি শতক পাওয়া আশরাফুলকে।
তামিম জানান, ছয়টি শতকই সমান গুরুত্বপূর্ণ তার জন্য। এখন আর বাজে শট খেলে নিজের উইকেট দিয়ে আসতে চান না তামিম।
“আমি ঠিক করেছিলাম, ওরা যদি আউট করতে পারে তাহলে আমি আউট হব। আমি কোনো ভুল না করার চেষ্টা করবো।”
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০৩ রান। অন্তত চা-বিরতি পর্যন্ত ব্যাট করার পরিকল্পনার কথা জানান তামিম।
“কালকের প্রথম ঘণ্টাটা খুব গুরুত্বপূর্ণ। উইকেটে বোলারদের জন্য কোনো সহায়তা নেই। চা-বিরতি পর্যন্ত ব্যাট করতে পারলে তখন দেখব, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আশা করবো তৃতীয়, চতুর্থ দিন বল টার্ন করবে। আর এটা হলে আমাদের জন্য খুবই ভালো হবে।”
