২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাপুগেদারা ঝড়ে ভিক্টোরিয়ার জয়

চামারা কাপুগেদারার অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। ব্যাট হাতে অনবদ্য এক শতকের পর বল হাতে প্রতিপক্ষের ৪ উইকেট নেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 06:05 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে ভিক্টোরিয়ার জয়টি ৬৬ রানের।

টস জিতে ব্যাট করতে নামা ভিক্টোরিয়ার শুরুটা ভালো হয়নি। ৫৭ রানে ৩ উইকেট হারায় তারা। তবে দলকে বিপদে পড়তে দেননি কাপুগেদারা ও নাদিফ চৌধুরী।

৪২তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৭০ রান করেন নাদিফ। কাপুগেদারার সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৭৩ রান তোলেন তিনি।

কাপুগেদারা ১৬১ রানে অপরাজিত থাকেন। ১৩৬ বলের ইনিংসটি ১৩টি চার ও ৭টি ছয়ে সাজান তিনি। ৪ উইকেটে ৩০১ রান তোলে ভিক্টোরিয়া।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলে সবক’টি উইকেট হারিয়ে ২৩৫ রান তুলতে পারে তারা।

প্রাইম ব্যাংকের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন তাইয়েবুর পারভেজ।

৪১ রানে ৪ উইকেট নেন কাপুগেদারা। আর ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ।