ফিরেই আবার ইমরুলের শতক
দলে ফিরেই আবার শতক পেয়েছেন ইমরুল কায়েস। তার দুটি টেস্ট শতকই এসেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
গত ফেব্রুয়ারিতে সোয়া দুই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম শতক পেয়েছিলেন ইমরুল। সেই ম্যাচ ড্র করায় বড় অবদান ছিল এই বাঁহাতি ব্যাটসম্যানের।
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা ও খুলনা টেস্টে শামসুর রহমানের ব্যর্থতায় দলে ফেরেন ইমরুল। বাজে ফর্মের কারণে নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে চর্ম রোগের কারণে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
বুধবার তৃতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ব্রায়ান চারির বলে চার হাঁকিয়ে শতকে পৌঁছান ইমরুল। ১৯১ বলে শতক করতে ৯টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
১২৩ বলে অর্ধ শতকে পৌঁছান ইমরুল। এই সময়ে তার ব্যাট থেকে আসে চারটি চার। তার পরের অর্ধশতকটি আসে মাত্র ৬৮ বলে। এই সময়ে পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি।
ভাগ্যের একটু ছোঁয়াও পেয়েছেন ইমরুল। ব্যক্তিগত ১৯ রানে নাটসাই মুশাংওয়ের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।
তামিম ইকবালের সঙ্গে ২২৪ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করান ইমরুল। পরে মুমিনুল হকের সঙ্গে ৪৮ রানের আরেকটি জুটি উপহার দেন তিনি।
হ্যামিল্টন মাসাকাদজার বলে বদলি ফিল্ডার ভুসি সিবান্দার ক্যাচে পরিণত হওয়ার আগে ১৩০ রান করেন ইমরুল। তার ২৫৭ বলের ইনিংসটি গড়া ১২টি চার ও ২টি ছক্কায়।
