২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাইদির শতকে রূপগঞ্জের বিশাল জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুভ সূচনা করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আশার জাইদির শতকে ওল্ড ডিওএইচএসকে বিধ্বস্ত করেছে গতবার গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স হিসেবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 06:01 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসকে ২৪৭ রানে হারায় রূপগঞ্জ।

টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৫৭ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ।

সর্বোচ্চ ১৪১ রান করেন ইংল্যান্ডে খেলা জাইদি। তার ১০৩ বলের ইনিংসটি ১৮টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান আসে জহুরুল ইসলামের ব্যাট থেকে। এছাড়া আবুল হাসান ৩৫ রানে অপরাজিত থাকেন।

ওল্ড ডিওএইচএসের শিহান জয়াসুরিয়া ও আবু জায়েদ দুটি করে উইকেট নেন।

জবাবে ৪১ ওভার ৫ বলে ১১০ রানে অলআউট হয়ে যায় ওল্ড ডিওএইচএস।

দলের মাত্র চার জন ব্যাটসম্যান পৌঁছান দুই অঙ্কে। সর্বোচ্চ ২৬ রান করেন এহসানুল হক।

২০ রানে ৩ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা বোলার অধিনায়ক অলক কাপালী। এছাড়া শরীফ উল্লাহ ও মোহাম্মদ শহীদ দুটি করে উইকেট নেন।