২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি চান না বর্ডার

বিশ্বকাপের বাইরে হওয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ দেখতে চান না অ্যাল্যান বর্ডার। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বিবর্ণ হতে হতে ওয়ানডে ক্রিকেটের মৃত্যু দেখতে চান না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 03:43 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অস্ট্রেলিয়ার দেশের মাটিতে আন্তর্জাতিক মৌসুম শুরু হয়।

এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে। ভারতের বিপক্ষে ৪ টেস্টের একটি সিরিজ খেলবে। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও আছে। একই সঙ্গে আছে ওয়ানডে বিশ্বকাপ।

সব মিলিয়ে এই গ্রীষ্মে ৮৪ দিন ক্রিকেটের মধ্যে থাকতে হতে পারে অস্ট্রেলিয়াকে। এটা সহনীয় মাত্রা ছাড়িয়ে যাওয়ার কাছাকাছি বলে মনে করেন অনেকে।

বর্ডার এ ক্ষেত্রে কিছু ছাড় দেয়ার পরামর্শই দিলেন। 

এবিসি রেডিওকে বর্ডার বলেন, "আমি হলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি মোটেই খেলতামই না। এটা দুই বছর পর পর আসা বিশ্বকাপের জন্য তুলে রাখতাম।"

১৯৮৭ সালে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন বর্ডার। ২৭৩টি ওয়ানডে খেলা বর্ডার আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু হওয়ার আগেই ক্রিকেটকে বিদায় জানান।

প্রতিটি দেশের ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট টি-টোয়েন্টি হচ্ছে বলেই মনে করেন বর্ডার। এই কারণেই বিশ্বকাপের বাইরে আর টি-টোয়েন্টি খেলার প্রয়োজন নেই বলে যুক্তি দেখান তিনি।

ওয়ানডে ক্রিকেট নিয়ে বর্ডার বলেন, "৫০ ওভারের খেলাটিকে বিবর্ণ হতে হতে মরে যেতে দেখতে চাইব না আমি।"