ব্যবধান গড়ে দেয়া সাকিবের প্রশংসায় টেইলর
খুলনা টেস্টে বাংলাদেশেরই জয় প্রাপ্য ছিল বলে মেনে নিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর জানিয়েছেন, সাকিব আল হাসানই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন।
শুক্রবার পঞ্চম ও শেষ দিন খুলনা টেস্ট ১৬২ রানে হারে জিম্বাবুয়ে। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেছে অতিথিরা।
“শতক ও দশ উইকেট নেয়া একজনকে কৃতিত্ব তো দিতেই হবে। সাকিব একজন বিশ্বমানের পারফরমার।”
টেস্ট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে শতক ও ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান সাকিব। এই চমৎকার পারফরম্যান্সে খুলনা টেস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার।
সকালে ১ ঘণ্টা ১৮ মিনিট ব্যাটিংয়ের পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টেইলল মনে করেন, স্বাগতিকরা একটু দেরিতেই ইনিংস ঘোষণা করে।
“(ম্যাচ বাঁচানোর ) খুব ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। আমি ভেবেছিলাম বাংলাদেশের হয়তো আরো আগেই ইনিংস ঘোষণা করা দরকার ছিল। এখন দেখা যাচ্ছে, সঠিক সময়েই ওরা ইনিংস ঘোষণা করেছে। ম্যাচ জেতার জন্য তখনো যথেষ্ট সময় ছিল। সে (মুশফিকুর রহিম) তার বোলার ও কন্ডিশন খুব ভালো বুঝতে পারে।”
জিম্বাবুয়েকে ৩১৪ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এজন্য অন্তত ৬৮ ওভার পেয়েছিল অতিথিরা। কিন্তু পঞ্চম দিনের উইকেটে এই রান তাড়া করা সম্ভব ছিল না বলে জানান টেইলর।
চট্টগ্রামে তৃতীয় টেস্টের আগে স্পিনের বিপক্ষে জবাব খুঁজে পেতে চান টেইলর। “আমরা এখনো এর জবাব খুঁজছি। আমরা আগে ব্যাট করলে চিত্রটা হয়তো ভিন্ন হত। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে আর জয়টা তাদের প্রাপ্য।”
তবে প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করা হ্যামিল্টন মাসাকাদজার ব্যাটিংয়ে অনুপ্রেরণা খুঁজছেন জিম্বাবুয়ের অধিনায়ক।
“তবে হ্যামিল্টন দেখিয়েছে, এই বল খেলা অসম্ভব নয়। পুরো টেস্টেই সে ভালো খেলেছে। তার কাছ থেকে আমরা অনেক কিছু নিতে পারি। কখনো কখনো আমরা এক সঙ্গে বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলছি। আমরা পানি বিরতিসহ যে কোনো বিরতির আগে-পরে উইকেট হারাচ্ছি। এখান থেকে ইনিংস মেরামত কঠিন হয়ে পড়ে।”
