ইতিহাস গড়ে বোথাম, ইমরানের পাশে সাকিব
খুলনা টেস্টে শতক করার পাশাপাশি ১০ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ড কৃতিত্ব গত তিন দশকে বিশ্বের কোনো ক্রিকেটার দেখাতে পারেনি।
প্রথম ইনিংসে ব্যাট হাতে দলকে পথ দেখান সাকিব। তার ১৩৭ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪৩৩ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ।
এরপর জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৮০ রানে ৫ উইকেট নেন সাকিব। তার চমৎকার বোলিংয়েই অতিথিদের ৩৬৮ রানে অলআউট করে ৬৫ রানের লিড নেয় বাংলাদেশ।
প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের মুশতাক মোহাম্মদের পাশে বসেন সাকিব। এদের প্রত্যেকেই দুইবার করে একই টেস্টে শতক ও পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
এরপর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে শতক ও ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান সাকিব। এর আগে প্রথমে ইংল্যান্ডের ইয়ান বোথাম ও ১৯৮৩ সালে পাকিস্তানের ইমরান খান শেষবারের মতো এই কৃতিত্ব দেখিয়েছেন।
শুক্রবার জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর, এল্টন চিগুম্বুরা ও নাটসাই মুশাংওয়েকে ফেরান সাকিব। মাত্র ৪৪ রানে ৫ উইকেট নিয়ে ড্র হতে যাওয়া টেস্টে দলকে জয় এনে দেন তিনি।
টেস্টে এই প্রথম ১০ উইকেট নিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ১২৪ রানে ১০ উইকেট তাই তার ম্যাচসেরা বোলিংও। আগের ম্যাচসেরা ছিল ৯/১১৫।
সাকিবের নৈপুণ্যেই শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়েকে হারিয়ে ৩ টেস্টের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।
ম্যাচ শেষে সতীর্থ ও প্রতিপক্ষ দুই শিবির থেকেই প্রশংসা পেয়েছেন সাকিব। মুশফিকুর রহিম তাকে খুবই বিশেষ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন। আর জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের মতে, বিশ্বমানের পারফরমার সাকিব ম্যাচে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছে।
