মাসাকাদজার শতকে জবাব দিচ্ছে জিম্বাবুয়ে
দুইবার জীবন পাওয়া হ্যামিল্টন মাসাকাদজার অপরাজিত শতক ও রেগিস চাকাবভার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে বাংলাদেশের বড় সংগ্রহের জবাব দিচ্ছে জিম্বাবুয়ে।
তৃতীয় দিনের শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ৩৩১ রান। মাসাকাদজা ১৫৪ ও রেগিস চাকবভা ৭৫ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে এ পর্যন্ত ১৪২ রান তোলেন এই দুজন।
এখনো ১০২ রানে পিছিয়ে আছে মিরপুর টেস্ট তিন উইকেটে হারা জিম্বাবুয়ে।
বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ১ উইকেটে ৫৩ রান নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে।
ব্রায়ান চারি ও ব্রেন্ডন টেইলরের সঙ্গে দুটি ৬৭ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ভালো অবস্থানে নিয়ে যান মাসাকাদজা। দিনের প্রথম সেশনে চারিকে বিদায় করেন তাইজুল ইসলাম। তুলে মারতে গিয়ে মিডঅফে তামিম ইকবালের ক্যাচে পরিণত হন চারি।
দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় টেইলর, ক্রেইগ আরভিন ও এল্টন চিগুম্বুরাকে বিদায় করে বাংলাদেশকে খেলায় ফেরান সাকিব আল হাসান। টেইলর ও চিগুম্বুরা শর্ট লেগে মুমিনুল হকের হাতে ধরা পড়েন, আর আরভিনকে গ্লাভসবন্দি করেন মুশফিকুর রহিম।
১৮৯ রানে পাঁচ উইকেট হারানো জিম্বাবুয়েকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন মাসাকাদজা ও চাকাবভা।
ব্যক্তিগত ৭ রানে সাকিবের বলে এলবিডব্লিউ হয়েছিলেন চাকাবভা। তবে রিভিউ নিয়ে বেঁচে যাওয়া এই ব্যাটসম্যান ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পেয়েছেন। ১৪৯ বলে ১০ চারের সাহায্য গড়া ৭৫ রান তার ক্যারিয়ার সেরা। এর আগে সেরা ছিল ৬৩ রান।
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় শতকে পৌঁছানো মাসাকাদজা দিনের প্রথম দুই ওভারে দুটি সুযোগ দিয়েছিলেন। ১৫ ও ১৯ রানে স্লিপে তার দুটি ক্যাচ ছাড়েন শামসুর রহমান।
টেস্টে চতুর্থ শতক পাওয়া মাসাকাদজার ৩১৯ বলের ইনিংসটি ১৭টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।
৭০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সাকিব।
এর আগে দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসানের দুই মেজাজের দুই শতকে প্রথম ইনিংসে ৪৩৩ রান করে বাংলাদেশ।
