টেন্ডুলকারের অভিযোগ উড়িয়ে দিলেন চ্যাপেল
অধিনায়কত্ব নিয়ে শচীন টেন্ডুলকারের ‘দাবি’ উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেল।
টেন্ডুলকার তার আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’তে লিখেছেন, চ্যাপেল ভারতের কোচ থাকার সময় রাহুল দ্রাবিড়কে সরিয়ে তাকে অধিনায়ক করতে চেয়েছিলেন।
আগামী বৃহস্পতিবার প্রকাশিতব্য বইটিতে বলা হয়, চ্যাপেল নাকি তার বাড়িতে গিয়ে এই প্রস্তাব দেন। তবে ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের কোচ থাকা চ্যাপেল বিষয়টি অস্বীকার করেন।
ক্রিকেট ডটকম ডটএইউতে চ্যাপেল বলেন, “ওই বছরগুলোর মধ্যে শচীনের বাড়িতে আমি একবারই গেছি এবং সেটা চোট থেকে শচীনের সেরে ওঠার সময় ফিজিও ও কোচের সঙ্গে। এটা বইতে লেখা সময়ের কমপক্ষে ১২ মাস আগে।”
টেন্ডুলকারের বাড়িতে কাটানো সময়ের বর্ণনা দিয়ে চ্যাপেল বলেন, “আমরা এক সঙ্গে সুন্দর একটি অপরাহ্ন কাটিয়েছি। কিন্তু অধিনায়কত্বের প্রসঙ্গ কখনোই ওঠেনি।”
