২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের ‘আড়াইশ’

চার-ছক্কায় আক্রমণ নয় - জিম্বাবুয়ের বিপক্ষে দেখা গেল তামিম ইকবালের অন্যরকম ব্যাটিং। বড় একটি ইনিংস খেলতে না পারার ব্যর্থতা ঝেড়ে ফেলতে পুরোটা দিন উইকেটে কামড়ে পড়ে ছিলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 06:37 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

সোমবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিন তামিম খেলেছেন আড়াইশ' বল, যা সতীর্থদের প্রশংসা কুড়িয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯৩ রান। তামিম অপরাজিত আছেন ৭৪ রানে।

টেস্ট ক্রিকেটে এই প্রথম কোনো ইনিংসে আড়াইশ’ বল খেললেন তামিম। তার এই দৃঢ়তা ভরা ইনিংসটি সাজানো মাত্র ৬টি চারে।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ১২৮ রান করার পথে ২৪৩ বল খেলেছিলেন তামিম। এটি টেস্ট ক্রিকেটে এই বাঁহাতি ব্যাটসম্যানের প্রথম শতক। তার চার শতকের বাকি তিনটিতেই প্রতিপক্ষের বোলিং ছিন্নভিন্ন করেন তিনি।

২০১০ সালে ভারতের বিপক্ষে ১৫১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন মাত্র ১৮৩ বলে। সেই বছরই লর্ডস ও ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ বলে ১০৩ ও ১১৪ বলে ১০৮ রানের বিধ্বংসী দু'টি ইনিংস খেলেন তিনি। এরপর আর বড় ইনিংস খেলতে পারেননি তামিম।

২০১৩ সালের অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টে ভালো সূচনার পরও শতক পাননি তামিম। প্রথম ইনিংসে ১৫৩ বলে ৯৫ রান করা এই বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে ৭০ রান করতে খেলেন ২১৮ বল।

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের প্রয়োজনে দেখেশুনে খেলার ধারাবাহিকতা ধরে রাখেন তামিম। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮১ বল খেলে করেন ৬৪ রান।

তামিমের ধীরস্থির ব্যাটিংয়ে মুগ্ধতার কথা জানালেন দিন শেষে সাংবাদিকদের সামনে আসা মাহমুদুল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়ার সুবাদে খুব কাছ থেকেই সতীর্থের ব্যাটিং দেখেছেন তিনি।

“তামিম খুবই ভালো ব্যাটিং করছে। আজ সে আড়াইশ’ বল খেলেছে। স্বাভাবিকভাবে খেললে হয়তো আজই ওর একশ’ রান হয়ে যেত। আমার মনে ও খুব কষ্ট করে ব্যাটিং করছে। উইকেট যেভাবে আচরণ করছে ও সেভাবেই ব্যাট করছে।”