উইন্ডিজের কাছে বিশাল ক্ষতিপূরণ দাবি ভারতের
সিরিজের মাঝপথে সফর বাতিল করা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আছে বিশাল অংকের ক্ষতিপূরণ চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪ কোটি ১৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে পাঠানো চিঠির সাড়া ১৫ দিনের মধ্যে না দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ভারত।
সম্প্রতি বোর্ডের সঙ্গে বিরোধের জের ধরে ওয়ানডে সিরিজ চলাকালেই দেশে ফিরে যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনকে লেখা চার পাতার একটি চিঠিতে বিসিসিআই তাদের ক্ষতিপূরণের দাবি জানায়।
চিঠিতে বিসিসিআই সেক্রেটারি সঞ্জয় প্যাটেল লেখেন, সফরের মাঝে ওয়েস্ট ইন্ডিজের চলে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে এবং তাদের ভাবমূর্তিও নষ্ট হয়েছে।
প্যাটেলের দাবি, সফর মাঝপথে শেষ হয়ে যাওয়ায় বিসিসিআই বানিজ্যিক অংশীদারদের হারানোর ঝুঁকিতেও পড়েছে। দিওয়ালির মৌসুমে এমন একটি ঘটনা বোর্ডের জন্য বিরাট এক ক্ষতি বলে উল্লেখ করেন তিনি।
ধর্মশালায় চতুর্থ ওয়ানডে খেলার পর বেতন-ভাতা নিয়ে বিরোধের জের ধরে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ভারতে খেলতে অস্বীকৃতি জানায়। ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দলের আরও একটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও ৩টি টেস্ট খেলার কথা ছিল।
ডব্লিউআইসিবি বাকি পাঁচটি ম্যাচের জন্য অন্য একটি দল পাঠাতে চেয়েছিল, কিন্তু বিসিসিআই তা মেনে নেয়নি।
এ ঘটনার পর ওয়েস্ট ইন্ডিজে ভারতের সব দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করার ঘোষণা দেয় বিসিসিআই।
