ভারত দলে মোহিতের জায়গায় ইশান্ত
চোটের কারণে ছিটকে যাওয়া মোহিত শর্মার জায়গায় ভারত দলে ডাক পেয়েছেন পেসার ইশান্ত শর্মা।
ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, পায়ের হাড়ের ব্যাথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের চলতি ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না মোহিতের।
কোচিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১২৪ রানে ভারতের হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে চার ওভার বোলিং করেন মোহিত। ২৪ রান দিলেও ওই ম্যাচে কোনো উইকেট পাননি ভারতের এই মিডিয়াম পেসার।
গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলা ইশান্তকে দিয়েই মোহিতের শূন্যস্থান পূরণ করতে চাইছে ভারত দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক ভারত ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। শনিবার দিল্লিতে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
