২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরার প্রত্যয় সোহাগের

বোলিং অ্যাকশনের ত্রুটি শুধরে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী সোহাগ গাজী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 10:48 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

আন্তর্জাতিক ক্রিকেটে আবার বল করতে হলে চূড়ান্ত পরীক্ষায় উতরাতে হবে সোহাগকে। এর প্রথম ধাপে একটি বোলিং রিভিউ গ্রুপের (বিআরজি) সঙ্গে কাজ করবেন সোহাগ; যা খুব শিগগির গঠন করবে বিসিবি।

“আমি পেশাদার ক্রিকেটার, তাই যত তাড়াতাড়ি সম্ভব সব সমস্যা সমাধান করে ফিরতে চাই। ক্রিকেটই আমার সবকিছু, তাই যে কোনো মূল্যে আমাকে ফিরতেই হবে।”

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়াররা সোহাগের বোলিং সন্দেহজনক বলার পর নিয়ম অনুযায়ী কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বিশ্লেষণে দেখা গেছে, সোহাগের বোলিং অ্যাকশন অবৈধ। তার সব ধরণের ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বোলিং অ্যাকশনে নেতিবাচক কিছু পাওয়া যাবে না বলে নিশ্চিত ছিলেন বলেন জানান সোহাগ।

“যারা পরীক্ষা নিয়েছিলেন তারা আমার বোলিং ভালো হয়েছে বলে আশ্বস্ত করেছিলেন। কোনো চিন্তা করতে মানা করেছিলেন তারা। কিন্তু কেন যে এমন হল বুঝতে পারছি না।”

এর আগে বাংলাদেশের আব্দুর রাজ্জাকও অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তবে ত্রুটি সংশোধন করে ঠিকই ফিরেন তিনি। বাঁহাতি স্পিনারের ফেরাই আশা দেখাচ্ছে সোহাগকে।

“জাতীয় দলের স্পিনার রাজ্জাক এমন সমস্যায় পড়েছিলেন। প্রয়োজনীয় সংশোধনের পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তিনি। আশা করি, আমার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না।”

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়া এই অফস্পিনারকে ফেরাতে প্রয়োজনীয় সবকিছু করবে বলে জানায় বিসিবি।

আইসিসি ঘরোয়া ক্রিকেটে সোহাগকে নিষিদ্ধ করেনি। তবে তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় ঘরোয়া ক্রিকেটেও আপাতত খেলা হবে না অফস্পিনারের।

২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় সোহাগের। এ পর্যন্ত ১০টি টেস্ট, ২০টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেন তিনি।

বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে একই টেস্টে শতক ও হ্যাটট্রিকের কৃতিত্ব রয়েছে সোহাগের।