স্যামুয়েলসের শতকে অবদান রিচার্ডস, লয়েডের
স্বদেশী দুই কিংবদন্তির কাছ থেকে পাওয়া পরামর্শ ভারতের বিপক্ষের প্রথম ওয়ানডেতে কাজে লাগানোর কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার মারলন স্যামুয়েলস।
গত বুধবার কোচির ওয়ানডেতে ভারতকে ১২৪ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন স্যামুয়েলস। এটি ওয়ানডেতে তার ষষ্ঠ শতক।
১১৬ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মারেন স্যামুয়েলস। এমন আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের পরামর্শ ম্যাচের আগের দিন ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডসের কাছ থেকে নেয়ার কথা জানান তিনি।
“ম্যাচের আগের দিন ক্লাইভ লয়েড ও ভিভ রিচার্ডসের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছিলাম। সবসময় তাদের কাছে পরামর্শ চাই আমি। তারা রাতারাতি কিংবদন্তি হয়ে যাননি। তারা সবসময় ইতিবাচক পরামর্শ দেন এবং এটা আমাকে আত্মবিশ্বাস জোগায়।”
কোচির জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে আছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। শনিবার দিল্লিতে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
