২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ সোহাগ গাজী

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজীকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 07:16 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

পুরনো খবর:

সন্দেহ কাটানোর অপেক্ষায় সোহাগ
সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, বিশ্লেষণে দেখা গেছে, সোহাগ গাজীর বোলিং অ্যাকশন অবৈধ। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, সোহাগের সব ধরণের ডেলিভারিতেই কনুই নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ও যোগাযোগ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোহাগকে নিষিদ্ধ করার কথা জানান।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়াররা সোহাগের বোলিং সন্দেহজনক বলার পর নিয়ম অনুযায়ী কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।

পরীক্ষার পর দেশে ফিরে বাংলাদেশ জাতীয় দলের এই অফস্পিনার জানিয়েছিলেন, পরীক্ষায় ইতিবাচক ফল আশা করছেন তিনি।

বোলিং অ্যাকশনে প্রয়োজনীয় পরিবর্তন আনার পর আবার পরীক্ষার আবেদন করতে পারবেন সোহাগ।

২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় সোহাগের। এ পর্যন্ত ১০টি টেস্ট, ২০টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলেন তিনি।

বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে একই টেস্টে শতক ও হ্যাটট্রিকের কৃতিত্ব রয়েছে সোহাগের।