লারার কাছে তামিমদের হার
ঈদ টি-টোয়েন্টি ক্রিকেট উৎসবের ম্যাচে তামিম ইকবালদের এশিয়া একাদশকে ৫ রানে হারিয়েছে বিশ্ব একাদশ।
ব্রায়ান লারা, সনাৎ জয়াসুরিয়া, হার্শেল গিবসের মতো সাবেক তারকারা সোমবার কাতারে হওয়া এই ম্যাচে খেলেন। তামিম ইকবাল, ব্রেন্ডন টেইলর, অ্যাঞ্জেলো পেরেরা, রায়ান টেন ডেসকাটের মতো বর্তমান ক্রিকেটাররাও ছিলেন প্রীতি ম্যাচটিতে।
ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬১ রান করে বিশ্ব একাদশ।
দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কিংবদন্তি লারা। ক্রিকেটের বরপু্ত্র ৪৪ বলে করেন ৪৭ রান। ম্যাচ সেরা লারার ব্যাট থেকে আসে দুটি ছক্কা।
এছাড়া ইংল্যান্ডের ব্যাটসম্যান ওয়াইজ শাহ ২২ বলে ৪৩ ও দক্ষিণ আফ্রিকার গিবস ২২ রান করেন।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে এশিয়া একাদশের সেরা বোলার ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার আকাশ চোপড়া।
জবাবে ৭ উইকেটে ১৫৬ রানের বেশি করতে পারেনি এশিয়া একাদশ।
বাঁহাতি ব্যাটসম্যান জয়াসুরিয়া ২৩ বলে ২৫ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। তবে এশিয়ার দলটিকে জয়ের পথে রাখার কৃতিত্ব তামিমের।
সর্বোচ্চ ৪১ রান করেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তামিম। এই রান করতে বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান খেলেন ৩১ বল।
পাকিস্তানের অলরাউন্ডার আব্দুল রাজ্জাক (৯), শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান মারভান আতাপাত্তু (১), চোপড়া (১) ও পাকিস্তানের সাবেক উইকেটরক্ষ-ব্যাটসম্যান রশিদ লতিফের (৭) দ্রুত বিদায়ে বিপদে পড়ে এশিয়া একাদশ।
অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির করা শেষ ৩ বলে ১৭ রান প্রয়োজন ছিল এশিয়া একাদশের। প্রথম দুই বলে ১০ রান নিয়ে আশা জাগিয়েছিলেন শ্রীলঙ্কার পেরেরা।
তবে শেষ বলে ১ রানের বেশি নিতে পারেননি ৩১ রানে অপরাজিত থাকা পেরেরা।
