ক্লার্ককে ক্ষমা করেননি স্টেইন
মাঠে স্লেজিংয়ের ঘটনায় এখনও অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ককে ক্ষমা করেননি দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন।
গত শনিবার জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে ত্রি-দেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ৩৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ৩১ বছর বয়সী স্টেইন।
ম্যাচ সেরা হওয়ার পর প্রায় ছয় মাস আগে ক্লার্কের ওই স্লেজিংয়ের বিষয়ে কথা বলেন স্টেইন।
গত ফেব্রুয়ারি-মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষটিতে স্টেইনকে স্লেজিং করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্ক। পরে গণমাধ্যমে স্টেইনের কাছে ক্ষমাও চান ক্লার্ক; কিন্তু স্টেইন বিষয়টি এখনও মনে রেখেছেন।
"সত্যি কথা বলতে ওই ঘটনার পর তার (ক্লার্ক) সঙ্গে আমি কথা বলিনি। খুব বেশি কিছু আমি ব্যক্তিগতভাবে নেই না কিন্তু সে আমাকে যা বলেছিল তা আমি ব্যক্তিগতভাবে নিয়েছি।"
ক্লার্ক গণমাধ্যমে ওই ঘটনায় ক্ষমা চাইলেও স্টেইনের রাগ কমেনি।
"জানি গণমাধ্যমে সে ক্ষমা চেয়েছিল এবং আমার উচিত ঘটনাটাকে ভুলে যাওয়া। কিন্তু যেদিন সে এসে আমার হাত ঝাকিয়ে বলবে যে 'আমি যা বলেছি তা মন থেকেই বলেছি' এবং এমন ব্যবহার করবে যেমনটা করা উচিত, সেদিন হয়ত আমি তাকে ক্ষমা করব।"
গত মার্চের ওই টেস্টের পর স্টেইন ও ক্লার্কের মুখোমুখি দেখাও অবশ্য হয়নি। সম্প্রতি শেষ হওয়া ত্রি-দেশীয় সিরিজে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার তিনবার দেখা হলেও চোটের কারণে এর কোনোটিতেই খেলেননি ক্লার্ক।
বিরোধ মেটানোর সুযোগ অবশ্য শিগগিরই পাচ্ছেন ক্লার্ক। আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
