২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুটের শতকে ভারতকে হারাল ইংল্যান্ড

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে সান্ত্বনার জয় পেয়েছে ইংল্যান্ড। জো রুটের দ্বিতীয় ওয়ানডে শতকে শুক্রবার ৪১ রানে জিতেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 12:20 AM

Updated : 13 Oct 2022, 12:33 PM

টানা তিনটি ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে ভারত। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, তাই সিরিজের সবশেষ ফল ৩-১।

লিডসের হেডিংলিতে টস হেরে ব্যাট করতে নেমে রুটের ১১৩ রানের সাহায্যে সাত উইকেটে ২৯৪ রান করে ইংল্যান্ড। ম্যাচ সেরা রুটের ১০৮ বলের ইনিংসটি ১০টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। জবাবে ৮ বল বাকি থাকতে ২৫৩ রানে অলআউট হয়ে যায় ভারত।

৩৯ রানেই দুই উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। তবে অধিনায়ক অ্যালেস্টার কুকের (৪৬) সঙ্গে রুটের তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে স্বাগতিকরা।

এরপর কুক ও ওয়েন মর্গান দ্রুত বিদায় নিলেও জস বাটলারের (৪৯) সঙ্গে রুটের শতরানের জুটিতে (৮১ বলে ১০৮) লড়াইয়ের পুঁজি গড়ে ইংল্যান্ড।

ভারতের পক্ষে ৫২ রানে ২টি উইকেট নেন মোহাম্মদ সামি।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হয়ে যান আগের ম্যাচে শতক করা অজিঙ্কা রাহানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

আম্বাতি রাইডুর (৫৩) অর্ধশতকে শুরুর বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করছিল ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সাত নম্বরে ব্যাট করতে নামা রবিন্দ্র জাদেজার মারমুখী ব্যাটিংয়ে জয়ের ক্ষীণ আশাও জেগেছিল ভারতের, কিন্তু শেষরক্ষা হয়নি। সর্বোচ্চ ৮৭ রান করেন জাদেজা। তার ৬৮ বলের ইনিংসটি ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো।

৪৭ রানে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার স্টোকস।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৯৪/৭ (কুক ৪৬, হেলস ৪, মইন ৯, রুট ১১৩, মর্গান ১৪, বাটলার ৪৯, স্টোকস ৩৩*, ওকস ৯, ট্রেডওয়েল ৮*; সামি ২/৫২, রায়না ১/৩২, ভুবনেশ্বর ১/৪৫, যাদব ১/৪৬, অশ্বিন ১/৪৯)

ভারত: ৪৮.৪ ওভারে ২৫৩ (রাহানে ০, ধাওয়ান ৩১, কোহলি ১৩, রাইডু ৫৩, রায়না ১৮, ধোনি ২৯, জাদেজা ৮৭, অশ্বিন ১৬, ভুবনেশ্বর ১, সামি ০, যাদব ০*; স্টোকস ৩/৪৭, মইন ২/৩৪, ফিন ২/৩৭, অ্যান্ডারসন ২/৩৯)

ম্যাচ সেরা: জো রুট
সিরিজ সেরা: সুরেশ রায়না