ক্রিকেটের স্বার্থে আইপিএল বন্ধ চান বোথাম
ক্রিকেটের স্বার্থে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম।
বোথাম মনে করেন, ভারতের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের কারণে ক্রিকেট দুর্নীতিতে বিস্তার ঘটতে পারে।
লর্ডসে এক বক্তৃতায় বোথাম বলেন, “আমি আইপিএল নিয়ে শঙ্কিত। এটার থাকা উচিত নয়, কারণ এটা বিশ্ব ক্রিকেটের অগ্রাধিকারকে পাল্টে দিচ্ছে।”
২০০৮ সালে শুরু হওয়া টুর্নামেন্টটি দুর্নীতির জন্য বেশ কয়েকবারই বিতর্কিত হয়েছে। বোথাম মনে করেন, স্পট ফিক্সিং বৃদ্ধিতে এই টুর্নামেন্ট বড় অবদান রাখছে।
“খেলোয়াড়রা এর দাস আর প্রশাসকরা এর সামনে নত। ক্রিকেটারদের খেলাটিতে আনা বোর্ডগুলোকে এক পয়সাও না দিয়ে কিভাবে আইপিএল বিশ্বের সেরা খেলোয়াড়দের দুই মাসের জন্য কিনে নেয়?”
আইপিএলের ২০১৩ আসরে অবৈধ বাজির কারণে অভিযুক্ত হন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান এন শ্রীনিবাসনের মেয়ের জামাই গুরুনাথ মায়াপ্পন। আদালতের নির্দেশে সাময়িকভাবে পদ ছাড়তে হয় শ্রীনিবাসনকে।
সেই আসরেই স্পট ফিক্সিংয়ের দায়ে ভারতের টেস্ট বোলার এস শ্রীশান্তসহ রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার আটক হন। শ্রীশান্ত অভিযোগ অস্বীকার করলেও তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে বিসিসিআই।
