২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিলশানকে মুসলমান হতে বলে বিপাকে শেহজাদ

শ্রীলঙ্কার ক্রিকেটার তিলকারত্নে দিলশানকে ইসলামের দীক্ষা দিতে গিয়ে বিপাকেই পড়েছেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। সম্প্রতি এক ওয়ানডে ম্যাচে দিলশানকে করা তার মন্তব্যের বিষয়ে তদন্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 03:06 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

গত শনিবার ডাম্বুলার ওয়ানডেতে ড্রেসিং রুমে ফেরার সময় শেহজাদকে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিলশানের উদ্দেশে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলার দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ে।

শেহজাদ দিলশানকে বলছিলেন, “তুমি যদি অমুসলিম হও, আর ধর্ম পাল্টে মুসলমান হও; তাহলে জীবনে যাই করো না কেন, সোজা বেহেস্তে চলে যাবে।”।

দিলশান এর জবাবে কি বলেছিলেন সেটা শোনা না গেলেও শেহজাদের পরের কথাটি শোনা যায়। “তাহলে আগুনের জন্য তৈরি হও।” এই বছরেই টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া শেহজাদকে পিসিবি বুধবার তাদের প্রধান কার্যালয়ে ডাকে। পিসিবির গণমাধ্যম ব্যবস্থাপক আগা আকবর জানান, শেহজাদকে তার এই মন্তব্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে বিষয়টিকে দিলশানের সঙ্গে একান্ত ব্যক্তিগত আলাপচারিতা বলে দাবি করেন শেহজাদ। আর বিষয়টি নিয়ে শ্রীলঙ্কা দল কোনো অভিযোগও করেনি। তবে পিসিবি বিষয়টি নিয়ে এখনো তদন্ত করছে বলে জানান আকবর। ৩৭ বছর বয়সী দিলশান মুসলমান বাবা ও বৌদ্ধ মায়ের সন্তান। আগে তিনি তুয়ান মোহাম্মদ দিলশান নামেই পরিচিত ছিলেন। তবে ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নিজের মুসলামান নামটা ছেটে ফেলেন। এর পর সিংহলিজ বৌদ্ধ পরিচয়ে নামটি তিলকারত্নে মুদিয়ানসেলাগে দিলশান করে দেন। ছোটোবেলায় মুসলমান নাম থাকলেও দিলশান এবং তার ভাই আর বোনেরা মায়ের বৌদ্ধ ধর্মকেই অনুসরণ করতেন বলে জানান তার ছেলেবেলার কোচ রঞ্জন পারানাভিতানা। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে দিলশান অপরাজিত ৫০ রান করে পাকিস্তানের বিপক্ষে দলকে ৭ উইকেটের জয় এনে দেন। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দিলশানকে ধাক্কা মেরে জরিমানা গুণেছিলেন শেহজাদ।