আফগানিস্তানের নতুন কোচ মোলস
সরে দাঁড়ানো কোচ কবির খানের উত্তরসূরি বেছে নিতে মোটেও দেরি করেনি আফগানিস্তান। ব্যাটিং কোচ অ্যান্ডি মোলসকে নতুন প্রধান কোচের দায়িত্ব দিয়েছে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়া দেশটি।
গত জুনেই আফগানিস্তানের দায়িত্ব নেন মোলস। দায়িত্ব নেয়ার পর তার প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ হবে বিশ্বকাপের দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড সফর।
এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুর মোহাম্মদ মুরাদের দৃঢ় বিশ্বাস, নিউ জিল্যান্ডের সঙ্গে মোলসের কাজ করার অভিজ্ঞতা তাদের কাজে লাগবে।
এর আগে পরিবারকে সময় দেয়ার জন্য আফগানিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ান কবির।
২০০৭ সাল থেকে দুই পর্বে আফগানিস্তানের ক্রিকেট কোচ হিসেবে দারুণ সফল ছিলেন পাকিস্তানের সাবেক এই বোলার। তার অধীনে পূর্ণ ওয়ানডে মর্যাদা পাওয়া ছাড়াও তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আফগানিস্তান দল।
