হার দিয়েই শেষ বাংলাদেশের
লড়াইয়ের চেষ্টা করেছিলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। কিন্তু কোনো কাজ হয়নি, দিনেশ রামদিন ও ড্যারেন ব্র্যাভোর রেকর্ডের ম্যাচটি সহজেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
রামদিন ও ব্র্যাভোর শতকে তৃতীয় ওয়ানডেতে ৯১ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানেই হেরেছে চলতি বছর ওয়ানডেতে কোনো জয় না পাওয়া বাংলাদেশ।
সোমবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৮ উইকেটে ২৪৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আগের ম্যাচে ৭০ রানে অলআউট হওয়া বাংলাদেশের। প্রথম ওভারেই বিদায় নেন এনামুল হক আর দ্বিতীয় ওভারে তাকে অনুসরণ করেন ইমরুল কায়েস।
তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে মুশফিকের ৯৯ রানের জুটি স্বস্তি ফেরায় বাংলাদেশ শিবিরে। কিন্তু অর্ধশতকে পৌঁছানোর পর তামিম সুনিল নারাইনের বলে বোল্ড হয়ে গেলে বড় একটা ধাক্কা খায় অতিথিরা।
শেষ ১৮টি আন্তর্জাতিক ইনিংসে প্রথম অর্ধশতক পাওয়া তামিমের (৫৫) ৬২ বলের ইনিংসটি সাজানো ৯টি চারে। সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা মুমিনুল হক ফেরেন মাত্র ৫ রান করে।
পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৫৫ রানের আরেকটি জুটি উপহার দেন মুশফিক। রবি রামপালের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৭২ রান। মুশফিকের ১১৩ বলের ইনিংসটি ৮টি চার সমৃদ্ধ।
শেষ দিকে মাহমুদুল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।
২৯ রানে ৪ উইকেট নিয়ে রামপল ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
এর আগে চতুর্থ ওভারেই লেন্ডল সিমন্সকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। পরের ওভারে আল-আমিন হোসেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলকে বিদায় করলে চাপে পড়ে স্বাগতিকরা।
দশম ওভারে আরেকটি সাফল্য আসতে পারতো। কিন্তু আব্দুর রাজ্জাকের বলে ড্যারেন ব্র্যাভোকে স্ট্যাম্পিংয়ের সহজ সুযোগ হাতছাড়া করেন মুশফিক। সুযোগ কাজে লাগাতে ভুল করেনি স্বাগতিকরা।
৪৩তম ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে ২৫৮ রানের জুটি গড়েন রামদিন ও ড্যারেন ব্র্যাভো। ওয়ানডেতে তৃতীয় উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। আর যে কোনো উইকেটে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রানের জুটিও এখন রামদিন-ব্র্যাভোর অধিকারে।
তৃতীয় উইকেটে আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের অধিকারে। গত বছর জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ২৩৮ রান করেছিলেন তারা। আর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রানের জুটি ছিল শিবনারায়ণ চন্দরপল ও কার্ল হুপারের দখলে। ১৯৯৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ উইকেটে ২২৬ রানের জুটি গড়েছিলেন তারা।
মাহমুদুল্লাহর শিকারে পরিণত হওয়ার আগে ১২৪ রান করেন ড্যারেন ব্র্যাভো। তার ১২৭ বলের ইনিংসটি ৭টি চার ও ৮টি ছক্কা সমৃদ্ধ। এটি তার দ্বিতীয় শতক, আর ব্যক্তিগত সর্বোচ্চ।
শেষ ওভারে আল-আমিনের বলে নাসিরের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৬৯ রান করেন রামদিন। ওয়ানডেতে এটি তার সর্বোচ্চ রান। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ১২১ বলের ইনিংসটি ৮টি চার ও ১১টি ছক্কায় সাজানো।
শেষ ওভারে পরপর দুই বলে রামদিন ও জেসন হোল্ডারকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান আল-আমিন। তবে হ্যাটট্রিক বল ঠেকিয়ে তাকে হতাশ করেন নারাইন।
৫৯ রানে ৪ উইকেট নিয়ে আল-আমিনই বাংলাদেশের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৩৮/৭ (সিমন্স ৬, গেইল ৬, ড্যারেন ব্র্যাভো ১২৪, রামদিন ১৬৯, পোলার্ড ১০, স্যামি ১০, ডোয়াইন ব্র্যাভো ৩*, হোল্ডার ০, নারাইন ০*; আল-আমিন ৪/৫৯, মাহমুদুল্লাহ ১/৪৮, মাশরাফি ১/৬৯, রাজ্জাক ১/৭৬)
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৭/৮ (তামিম ৫৫, এনামুল ০, ইমরুল ১, মুশফিক ৭২, মুমিনুল ৫, মাহমুদুল্লাহ ২৭, নাসির ২৬, সোহাগ ২৪, মাশরাফি ১৫*, রাজ্জাক ৫*; রামপল ৪/২৯, নারাইন ১/৩১, ডোয়াইন ব্র্যাভো ১/৩২, হোল্ডার ১/৪৭, রোচ ১/৪৮)
