Published : 26 Jul 2026, 05:57 PM
ইয়র্কারের চেষ্টায় গড়বড় করে ফেললেন পেসার নুয়ান থুশারা। ফুল লেংথ ডেলিভারিতে সজোরে ব্যাট চালিয়ে দিলেন তাওহিদ হৃদয়। টাইমিং হলো দুর্দান্ত। ডিপ মিডউইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে আছড়ে পড়ল বল। এই ছক্কায় দলের স্কোর পৌঁছে গেল দুইশর দুয়ারে।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) রোববার জাফনা কিংসের হয়ে দুই চার ও এক ছক্কায় ২১ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন হৃদয়। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করে জাফনা।
জাফনার বড় সংগ্রহের ভিত গড়ে দেন কামিল মিশারা ও আভিশকা ফার্নান্দো। ৭৭ বলে ১২৯ রানের উদ্বোধনী জুটি উপহার দেন দুজন।
মিশারা চার ছক্কা ও ছয় চারে ৫৩ বলে করেন ৭৮ রান। ১০ চার ও দুই ছক্কায় ৩৬ বলে ৬৬ রান করেন আভিশকা।
ত্রয়োদশ ওভারে আভিশকার বিদায়ের পর, তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন হৃদয়। শুরুতে সিঙ্গল নিয়ে খেলেন তিনি। এক পর্যায়ে তার রান ছিল ১৪ বলে ১৪।
১৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদির লো ফুল টস ডেলিভারি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মেরে প্রথম বাউন্ডারির দেখা পান হৃদয়। শেষ ওভারে থুশারার প্রথম বলে চমৎকার শটে ফাইন লেগ দিয়ে আরেকটি চার মারেন তিনি।
এই ওভারে তিনি দুই রান করে নেন তিনবার, এরপর শেষ বলে ওই ছক্কা। মোট ২০ রান আসে শেষ ওভারে।
জাফনার হয়ে খেলা বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসানকে এ দিন ব্যাটিংয়ে নামতে হয়নি। আসরে সাকিবের এটি চতুর্থ ম্যাচ, হৃদয়ের প্রথম।