২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জা বাংলাদেশের

বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংসটি দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার ক্যারিবীয় দেশটিতে এসে স্বাগতিকদের কাছে তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জায় ডুবলো মুশফিকুর রহিমের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2014, 02:46 AM

Updated : 13 Oct 2022, 12:29 PM

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ১৭৭ রানে হারের পথে মাত্র ৭০ রানে অলআউট হয় অতিথিরা।

ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিম্ন রানের ইনিংস দুটিই ৫৮ রানের। গত মার্চে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এই রানে অলআউট হয় বাংলাদেশ।

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানে অলআউটের লজ্জায় পুড়েছিল বাংলাদেশ।

সেই বছর আরো দুইবার একশ’ রানের নিচে অলআউট হয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্বকাপের ম্যাচে ৭৮ ও ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ।

২০০২ সালে দুইবার একশ’ রানের নিচে অলআউট হয় বাংলাদেশ। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৬ রানে অলআউট হওয়ার পর একই মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানে অলআউট হয় তারা।

গ্রেনাডায় শুক্রবারের হারের পর তৃতীয়বারের মতো ওয়ানডেতে এক বছরে অন্তত দুইবার একশ’ রানের নিচে অলআউটের লজ্জায় ডুবল বাংলাদেশ।

ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন রান ৭৪। ২০০৮ সালে ডারউইনের সেই রান এতো দিন ছিল দেশের বাইরে বাংলাদেশের সর্বনিম্ন। বিদেশের মাটিতে সর্বনিম্ন রান এবার হয়ে গেল গ্রেনাডার সেন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

২৪ ওভার ৪ বল স্থায়ী ইনিংসে আরেকটি লজ্জার রেকর্ডও গড়েছে মুশফিকুর রহিমের দল। সেন্ট জর্জেসে সর্বনিম্ন রানের রেকর্ডটি এখন তাদেরই। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ডের ৭৭ ছিল এতদিন এই মাঠের সর্বনিম্ন।

মাত্র দ্বিতীয়বারের মতো কোনো ওয়ানডেতে বাংলাদেশের মাত্র একজন ব্যাটসম্যান (তামিম ইকবাল) দুই অঙ্কে পৌঁছাতে পারলেন। এর আগে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে অলআউট হওয়া ম্যাচে সাকিব আল হাসান শুধু দুই অঙ্কের রান করেছিলেন।