১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এলপিএলে লিটনের বদলি সোহান

ক্যারিয়ারে প্রথমবার দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন নুরুল হাসান সোহান।

এলপিএলে লিটনের বদলি সোহান
সামাজিক মাধ্যমে এভাবেই লিটনের প্রতি শুভ কামনা জানিয়েছে গল গ্যালান্টস, স্বাগত জানিয়েছে সোহানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 10:34 AM

Updated : 11 Sep 2026, 03:39 PM

আগের দিন থেকেই একটু উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল গল গ্যালান্টস। চোটের কারণে লিটন কুমার দাস খেলতে পারছেন না জানিয়ে দলটির সামাজিক মাধ্যমের পাতায় পোস্ট করা হয়েছিল, “আপনার মতে কোন বাংলাদেশি ক্রিকেটার গল গ্যালান্টসে যোগ দিচ্ছেন?” সেই উত্তর খানিকটা চমক হয়েই এলো। লিটনের জায়গায় সুযোগ পেলেন নুরুল হাসান সোহান।

চমক এই অর্থে যে, দেশের ক্রিকেটে তিনি অভিজ্ঞ একজন হলেও দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে আগে কখনও সত্যিকার অর্থে সেভাবে বিবেচিত হননি। এবারই প্রথম বাইরের লিগে খেলবেন ৩২ বছর বয়সী ক্রিকেটার। দুজনই কিপার হলেও ব্যাটিং পজিশন আলাদা। লিটন টপ অর্ডার ব্যাটসম্যান, সোহান ব্যাট করেন মিডল অর্ডার ও লোয়ার-মিডল অর্ডারে।

গল গ্যালান্টস বুধবার সকালে সামাজিক মাধ্যমে জানায়, বাংলাদেশ দলের চলতি জিম্বাবুয়ে সফর শেষে এলপিএলে যাবেন সোহান।

“অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তার স্বদেশী লিটন কুমার দাসের বদলি হিসেবে গল গ্যালান্টস দলে যোগ দিচ্ছেন। লিটন চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন। বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ শেষে নুরুল গল গ্যালান্টস স্কোয়াডে যোগ দেবেন এবং টুর্নামেন্টের ডাম্বুল্লা পর্ব থেকে তাকে পাওয়া যাবে।”

১৬ বছরের টি-টোয়েন্ট ক্যারিয়ারে ২৪০ ম্যাচ খেলেছেন সোহান। ২২.৩৭ গড়ে রান করেছেন ৩ হাজার ৩১১। স্ট্রাইক রেট ১২৫.১৩. ফিফটি করেছেন কেবল ৪টি। ডিসমিসাল করেনে ২০৮টি।

বিপিএলে ৮টি দলের হয়ে ১২৬ খেলে তার ফিফটি কেবল ১টি। দেড় হাজার রান করেছেন ২০.০২ গড় ও ১২১.২৪ স্ট্রাইক রেটে।

চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে লিটন। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারেননি। পরে জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ খেলতে গেলেও ফিরে আসতে হয় না খেলেই। পুরো এলপিএল খেলার জন্যই তিনি ছাড়পত্র পেয়েছিলেন বিসিবি থেকে। কিন্তু খেলতে পারছেন না শেষ পর্যন্ত এক ম্যাচও।