২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কোনো অনুশোচনা নেই'

বয়সটা ৩৭ বছর হলে কি হবে, ব্যাটের ধার একটুও কম ছিল না মাহেলা জয়াবর্ধনের। টেস্টে এ বছর ৫৯ গড়ে রান করার পাশাপাশি বিদায়ী ইনিংসেও করলেন অর্ধশতক। তাই অনেকের মতে, আরো কিছুদিন টেস্ট ঘরানায় থাকতেই পারতেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ব্যাটসম্যান। কিন্তু জয়াবর্ধনের বিশ্বাস, পাঁচ দিনের ক্রিকেটকে বিদায় বলার এটাই ছিল সঠিক সময়। বিন্দুমাত্র অনুশোচনায় নেই বলেও জানালেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2014, 12:06 AM

Updated : 19 Sep 2026, 02:20 PM

পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দীর্ঘ পরিসরের ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত আগেই জানিয়েছিলেন জয়াবর্ধনে। সে অনুযায়ী সোমবার শেষ হওয়া কলম্বো টেস্ট দিয়ে ইতি টানলেন ১৭ বছরের টেস্ট ক্যারিয়ারের।

বিদায়ী টেস্ট শেষে সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেন, "টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার সম্ভবত এটাই সঠিক সময়।"

১৪৯ টেস্টে ৩৪ শতক ও ৫০ অর্ধশতকের সাহায্যে ১১ হাজার ৮১৪ রান করা জয়াবর্ধনে কলম্বো টেস্টের দ্বিতীয় আর ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে করেন ৫৪ রান। তাছাড়া প্রায় দেড় যুগের টেস্ট অধ্যায়ে এক বর্ষ পঞ্জিকায় যে তিনবার এক হাজার রানের মাইলফলক পার করেছেন, তার একটি আবার এবছরই। তিন শতক ও পাঁচ অর্ধশতকে এ বছর মোট ১০০৩ রান করেন তিনি। তাই আরো কিছু দিন যে এই ক্রিকেটে অনায়াসে তিনি রাজত্ব করতে পারতেন, তাতে সন্দেহের কিছু ছিল না।

তবে কোনো পরিসংখ্যানই পাত্তা পেল না জয়াবর্ধনের কাছে। হাসি মুখে, মাথা উঁচু করে সাদা জার্সির ক্রিকেটকে বিদায় জানালেন। পথচলার শেষে 'কোনো অনুশোচনা নেই' বলেও জানালেন তিনি।

"পুরোটা সময়ই আমি উপভোগ করেছি। (পথচলার) উত্থান-পতন দুটোই আমাকে ভালো মানুষ, ভালো ক্রিকেটার বানিয়েছে।"

তাছাড়া জয়াবর্ধনে মনে করেন, সময়টা এবার নতুন প্রজন্মের। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের প্রস্তুত করে তুলতে এবং তাদের জায়গা ছেড়ে দেয়াটাও তার এই সিদ্ধান্তের একটা কারণ বলে জানান তারকা এই ক্রিকেটার।