সাকিবের অভাব মেনেই উইন্ডিজ সফর
ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ সফরে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছয় মাসের নিষেধাজ্ঞার কারণে এবার সেই সিরিজের সেরা খেলোয়াড়ই নেই। সাকিবের বিকল্প যে সহজে পাওয়া যাবে তা ভালোই জানা কোচ চন্দিকা হাথুরুসিংহে আর মুশফিকুর রহিমকে।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করেন মুশফিকুর রহিমরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে প্রধান কোচ হাথুরুসিংহে বলেন, “সাকিব একের ভেতরে দুই খেলোয়াড়। এই সময়ে ওর বিকল্প পাওয়া কঠিন। তবে আমাদের যথেষ্ট খেলোয়াড় রয়েছে, খেলার পরিকল্পনা মাথায় রেখে তাদের আমরা নির্বাচন করেছি।”
সাকিবের অভাব অনুভব করবেন অধিনায়ক মুশফিকুর রহিম। দলের সেরা পারফরমারকে ছাড়াই খেলতে হবে; তাই এখন আর কে আছে কে নেই তা নিয়ে ভাবতে রাজি নন তিনি।
“সাকিব থাকলেই যে সবাই ‘রিলাক্স’ হয়ে যেত তা নয়। এমন নয় যে, সব কাজ ও একাই করবে। ক্রিকেট কিন্তু একজনের খেলা না। আমাদের মতো দলেকে তিন-চার জনকে ভাল পারফরম করতেই হয়।”
প্রথম টেস্টের প্রথম দিনই চোটে পড়েন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চোট পাওয়ায় সাকিবকে অধিনায়কের দায়িত্ব পালন করতে হয়। দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন এই অলরাউন্ডার।
শুধু সেই সফরই নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বরাবরই সফল সাকিব। টেস্টে তিনিই বাংলাদেশের সেরা পারফরমার। ৬ টেস্টে ৫৩.২০ গড় ৫টি অর্ধশতকসহ ৫৩২ রান করেন তিনি। সর্বোচ্চ ৯৭। দ্বি-পাক্ষিক সিরিজে তার চেয়ে বেশি রান আছে কেবল ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপলের (৬২৭)।
বোলিংয়ে শীর্ষে আছেন সাকিব। পেড্রো কলিন্স ২৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। সাকিব ২৭.০৩ গড়ে নেন ২৯ উইকেট। ৫ উইকেট দুইবার। ইনিংস সেরা ৫/৬৩, ম্যাচ সেরা ৮/১২৯। ১২ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
