২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজে আগে মানিয়ে নিতে চান মুশফিক

কোচ চন্দিকা হাথুরুসিংহে ওয়েস্ট ইন্ডিজ সফরে সব সিরিজে জয়ের লক্ষ্য বেধে দিয়েছেন। তবে অধিনায়ক মুশফিকুর রহিম শুরুতেই তা নিয়ে ভাবতে চান না। ওয়েস্ট ইন্ডিজ গিয়ে আগে স্থানীয় 'কন্ডিশনের' সঙ্গে মানিয়ে নেয়ার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। আর মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে বেশ কয়েকটি জয়ের ব্যাপারে আশাবাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ক্রীড়া প্রতিবেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 05:59 PM

Updated : 13 Oct 2022, 12:25 PM

পুরনো খবর:

উইন্ডিজে সব সিরিজেই জয় চান হাথুরুসিংহে

ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বুধবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করেন মুশফিকরা।

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, “প্রস্তুতি ম্যাচ খেলে আমাদের ওদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ আছে। আগেও সেখানে খেলেছি তাই কিছুটা ধারণা আছে। তবে সব কিছু নির্ভর করে ওদের ওখানে গিয়ে কেমন খেলব তার ওপর।”

প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের মতো মুশফিক সরাসরি সিরিজ জয়ের কথা বলেননি। আপাতত তার লক্ষ্য ধারাবাহিক ভালো ক্রিকেট খেলা।

“প্রতিটি সিরিজেই আমাদের লক্ষ্য থাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলার। ভাল খেললে যে কোনো সংস্করণে হোক না কেন জেতা সম্ভব। আমাদের সবকিছু যদি ঠিক মতো হলে অনেকগুলো ম্যাচ জেতার সুযোগ আসবে আর আমাদের সেগুলো কাজে লাগাতে হবে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও নেপালের বিপক্ষে ছাড়া আর এ বছর কোনো জয় নেই বাংলাদেশের। তবে পেছনে তাকাতে চান না মুশফিক, সামনের ম্যাচগুলোতে ভালো খেলে চলতি বছর স্মরণীয় করে রাখার লক্ষ্য তার।

২০০৯ সালে ২-০ ব্যবধানে টেস্ট ও ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই স্মৃতি এবারো ভালো খেলতে অনুপ্রাণিত করবে মুশফিকদের।

“সে সময় ওয়েস্ট ইন্ডিজ দলটা অন্যরকম ছিল। তবে আমরা ভাল ক্রিকেট খেলেছিলাম বলেই জিতেছিলাম। এবার ওদের দলটা আগের চেয়ে শক্তিশালী। তবে ভাল ক্রিকেট খেললে আপানি যেখানেই খেলেন না কেনও যেকোনো দলকে হারান সম্ভব।”

দেশের বাইরে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো উইকেট না হলেও ওয়েস্ট ইন্ডিজে বাউন্সি উইকেট থাকবে বলে মনে করছেন অধিনায়ক।

“ওদের বিপক্ষে খেলার জন্য আমরা কিছু পরিকল্পনা করেছি। ওদের হারানোর লক্ষ্য নিয়ে আমরা পরিকল্পনা সাজিয়েছি।”

আল-আমিন হোসেন, তাসকিন আহমেদের মতো অনেকের জন্য এটাই হবে দেশের বাইরে প্রথম সিরিজ। তাদের জন্য শুভ কামনাই করলেন অধিনায়ক।

“বিজয় (এনামুল হক), আল-আমিন, তাসকিন সবাই নতুন হিসেবে ভাল খেলছে। তাদের জন্য এটা বড় একটা সুযোগ। দলে বেশ কিছু ভাল ব্যাটসম্যান আছে; আমাদের বোলারদের সুযোগ থাকবে।”