২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার ব্যাটে পাকিস্তানকে ছাড়াল শ্রীলঙ্কা

কুমার সাঙ্গাকারার অসাধারণ ব্যাটিংয়ে গল টেস্টের চতুর্থ দিনে একটু পিছিয়ে থাকল পাকিস্তান। শ্রীলঙ্কা ৯ উইকেটে ৫৩৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করতে পেরেছে এই ব্যাটসম্যানের দ্বিশতকের কল্যাণেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 07:58 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

লারাকে ছাড়িয়ে ব্র্যাডম্যানের কাছে সাঙ্গাকারা

দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৪ রান করতে পারে পাকিস্তান। শ্রীলঙ্কার চেয়ে ৭৮ রান পিছিয়ে তারা।

এর আগে ২ উইকেটে ২৫২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ৫৫ রান নিয়ে খেলতে নামা মাহেলা জয়াবর্ধনে দিনের চতুর্থ বলেই জুনায়েদ খানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। আর মাত্র ৪ রানই করতে পারেন তিনি।

সাঙ্গাকারা অবশ্য দিনের প্রথম বলেই সুযোগ দিয়েছিলেন। কিন্তু জুনায়েদের বলে পয়েন্টে ওঠা ক্যাচটি নিতে পারেননি আবদুর রেহমান।

সাঙ্গাকারাকে 'জীবন' দেয়ার দুর্ভোগটা ভালোই পোহাতে হয় পাকিস্তানের বোলারদের। এরপর প্রায় পুরো দিন ধরেই অসাধারণ ব্যাটিং করেন তিনি।

সুযোগ নষ্ট করার প্রায়শ্চিত করে সাঙ্গাকারার উইকেটটি রেহমানই নেন। তবে ততক্ষণে যা করার তা ঠিকই করে ফেলেন শ্রীলঙ্কার এই বাঁহাতি ব্যাটসম্যান। স্ট্যাম্পড হওয়ার আগে ২২১ রানের অনবদ্য এক ইনিংস খেলে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৮২ রানে এগিয়ে রাখেন তিনি।

৪২৫ বল এবং ১১ ঘণ্টা ও ৩৮ মিনিটের ইনিংসটি সাঙ্গাকারা সাজান ২৪টি চারে। ক্যারিয়ারের দশম দ্বিশতক করে ব্রায়ান লারাকে ছাড়িয়ে যান সাঙ্গাকারা। ক্রিকেট কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের আরো কাছে পৌঁছান তিনি।

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ১২টি দ্বিশতক অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ব্র্যাডম্যানের। এরপরই সাঙ্গাকারা। আর ৯টি দ্বিশতক করে তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লারা।

সাঙ্গাকারাকে যোগ্য সহায়তা দেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৯ রানের জন্য ক্যারিয়ারের পঞ্চম শতক পাননি তিনি।

এই নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো নব্বই রানের ঘরে আউট হন ম্যাথিউস। এর মধ্যে সর্বশেষ তিনবারই পাকিস্তানের বিপক্ষে। ১৮৮ বলে ৯১ রানের ইনিংসটি তিনি সাজান ৯টি চার ও একটি ছয়ে।

সাঈদ আজমলের বলে ইউনুস খানের হাতে ক্যাচ দেয়ার আগে সাঙ্গাকারার সঙ্গে চতুর্থ উইকেটে ১৮৮ রানের জুটি গড়েন ম্যাথিউস।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন অফস্পিনার আজমল। তবে এর জন্য তাকে খরচ করতে হয় ১৬৬ রান, যা ইনিংসে তার ৫ উইকেটে পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ। এছাড়া ১০৪ রানে ২ উইকেট নেন জুনায়েদ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। খুররম মনজুরের উইকেটটি নেন রঙ্গনা হেরাথ। আহমেদ শেহজাদ ১ রান নিয়ে উইকেটে আছেন। তার সঙ্গী নাইট ওয়াচম্যান আজমল এখনো কোনো রান করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৫১ (ইউনুস ১৭৭, শফিক ৭৫, সরফরাজ ৫৫, রেহমান ৫০; পেরেরা ৫/১৩৭, হেরাথ ৩/১১৬) এবং ৪/১(মনজুর ৩, শেহজাদ ১*, আজমল ০*; হেরাথ ১/৩)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৩৩/৯ ইনিংস ঘোষণা (থারাঙ্গা ১৯, সিলভা ৬৪, সাঙ্গাকারা ২২১, জয়াবর্ধনে ৫৯, ম্যাথিউস ৯১, ভিথানাগে ৫, ডিকওয়েলা ৫, পেরেরা ৫, প্রসাদ ৩১, হেরাথ ৬*; আজমল ৫/১৬৬, জুনায়েদ ২/১০৪, তালহা ১/১০৪, রেহমান ১/১২৩)